ঈশ্বরদীতে গুদাম থেকে ৩০১ বস্তা চাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরবঙ্গের বৃহৎ চালের মোকাম পাবনার ঈশ্বরদীর একটি গুদাম থেকে ৩০১ বস্তা চাল চুরি হয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের বড়ইচরায় রহমান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ নামের চালকলে এ ঘটনা ঘটেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, চাল চুরির ঘটনা পরিকল্পিত কি না, তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে চালকলের হিসাবরক্ষক রবিউল ইসলামকে গতকাল সোমবার দুপুরে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তঁাকে ছেড়ে দেওয়া হয়।
রবিউল ইসলাম জানান, রোববার গভীর রাত পর্যন্ত তাদের গুদামে চাল সংরক্ষণকাজের পর চাতালশ্রমিকসহ তিনিও ঘুমিয়ে পড়েন। ভোররাতে তিনি তাঁর কক্ষ থেকে বের হতে গেলে দেখেন বাইরে থেকে সেই কক্ষে ছিটকিনি লাগানো। পরে কক্ষ থেকে বেরিয়ে গুদামে এসে দেখেন, অনেকগুলো চালের বস্তা নেই।
চালকলমালিকের ছেলে আকরাম হোসেন জানান, তিনি গতকাল সকালে জানতে পারেন, চোরেরা তাঁদের কারখানার প্রধান গুদামের দুটি তালা কেটে সেখান থেকে ৩০১ বস্তা চাল চুরি করে নিয়ে গেছে। গুদামটি মহাসড়ক থেকে প্রায় ৩০০ গজ দূরে। কিন্তু রাতে সেখানে কোনো পাহারা থাকত না। তিনি দাবি করেন, চালের মূল্য সাড়ে ছয় লাখ টাকা। এ ব্যাপারে তিনি মামলা করবেন।
ঈশ্বরদী উপজেলা ধান-চাল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাদেক আলী বিশ্বাস জানান, নিরাপত্তার অবহেলার কারণে মোকাম থেকে চাল চুরি হয়েছে। এর আগে গত শনিবার রাতেও সংঘবদ্ধ চোরেরা জয়নগর মোকামের একটি চাতালে ট্রাক নিয়ে চাল চুরির চেষ্টা করেছিল। কিন্তু পথচারীরা দেখে ফেলায় চোরেরা পালিয়ে যায়।