ঈশ্বরদীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় গাছের সঙ্গে বেঁধে শরীরে পেট্রল ঢেলে ছালমা খাতুন (২৮) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। স্বামী তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর প্রতিবাদে গতকাল সোমবার সকাল নয়টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ছালমার স্বামীর চায়ের দোকান পুড়িয়ে দিয়েছেন।
ছালমা ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড়বাঘইল পূর্বপাড়ার নুরা প্রামাণিকের মেয়ে। তিনি দিয়াড় বাঘইল পশ্চিমপাড়ায় স্বামী সাহাবুল ও দুই সন্তানকে নিয়ে বাস করতেন। এলাকার বেশ কয়েকজন ব্যক্তি বলেন, সাহাবুল নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছালমা ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। বেতনের টাকা থেকে কিছু টাকা তিনি ব্যাংকে সঞ্চয় করতেন। সেই টাকা তোলার জন্য সাহাবুল স্ত্রীকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে রোববার রাতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাহাবুল স্ত্রীকে বাড়ির পাশে তাঁর চা-দোকানের কাছে নিয়ে যান। সেখানে স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে শরীরে আগুন নিয়ে ছালমা দৌড়ে তাঁর ভাশুরের বাড়ির নলকূপের পাশে এসে লুটিয়ে পড়েন। স্বামীর স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে রাত তিনটার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গতকাল দিয়াড়বাঘইল গ্রামে গেলে ছালমার ভাশুরের স্ত্রী জুলেখা খাতুন বলেন, আগুনে ছালমার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। গ্রামের আক্তার মালিথা, ফিরোজ প্রামাণিকসহ ছালমার পাঁচ-ছয়জন প্রতিবেশী বলেন, ‘আমরা খবর পেয়ে এসে দেখি ছালমা যন্ত্রণায় ছটফট করছেন।’ এ সময় ছালমা তাঁদের বলেন, স্বামীর সঙ্গে তাঁর ঝগড়ার পর ওই রাতে দোকানে চুরির মিথ্যা কথা বলে স্বামী তাঁকে পাশের রেললাইনের ধারে এনে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। সাহাবুল ওড়না দিয়ে স্ত্রীকে গাছের সঙ্গে বাঁধেন। কিন্তু আগুনে পুড়ে বাঁধন ছুটে যাওয়ায় তিনি দৌড়ে বাড়িতে যেতে পেরেছেন। এ সময় ছালমার স্বজনদের কাউকে পাওয়া যায়নি। রাত সাড়ে আটটায় এই প্রতিবেদন লেখার সময় তাঁর স্বজনেরা রাজশাহী থেকে লাশ নিয়ে ফিরছিলেন।
পাকশী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি খালি বোতলসহ কিছু আলামত উদ্ধার করেছে। ছালমার স্বজনেরা জানিয়েছেন, এ ঘটনায় সাহাবুলের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।