ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ২
পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক বাঁধন খন্দকারকে (২২) গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। ঈশ্বরদী থানায় গতকাল বুধবার রাতে বাঁধনের মা রেনু আক্তারের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাঁধন মুলাডুলি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। তাঁর বাবার নাম মৃত বাবুল খন্দকার।
এই মামলায় মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আশরাফুল আলম ওরফে বাদলকে প্রধান আসামি করা হয়েছে। আর হুকুমের আসামি করা হয়েছে মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ওরফে মিঠুকে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামি হলেন ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের রুবেল মল্লিক ও মুলাডুলি স্টেশন পাড়ার বাবু শেখ।
মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মালিখা জানান, গ্রেপ্তার হওয়া দুজনই যুবলীগ কর্মী।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, ময়নাতদন্ত শেষে বাঁধনের মরদেহ পরিবারের কাছে আজ বৃহস্পতিবার হস্তান্তর করা হয়েছে।
মুলাডুলির স্টেশন পাড়ায় হিন্দু সম্প্রদায়ের বারণী স্নানের মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে গতকাল দুপুরে মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন খন্দকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে বাঁধন খন্দকার নিহত হন।