পাবনার ঈশ্বরদী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল দুটি ভোটকেন্দ্রে সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আহত ব্যক্তিরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাহাপুর ইউনিয়নের বাবুলচারা কেন্দ্রে আবদুল করিম ও হাশেম ফকির নামে দুই সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ লাঠি ও রড নিয়ে হামলা করে। এতে অন্তত ২১ জন আহত হন। তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এদিকে, সংঘর্ষের সময় একদল যুবক বেশ কিছু ব্যালট পেপার নিয়ে পালিয়ে গেলে বেলা একটার দিকে বাবুলচারা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ ছাড়া সাহাপুর ইউপির তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে এক ঘণ্টার জন্য ভোট গ্রহণ স্থগিত করা হয়। অন্যদিকে, বেলা তিনটার দিকে ছলিমপুর ইউপির ভাড়ইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন। তাঁদের ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।