ঈশ্বরদীতে দেড় মাসে ৩১টি গরু চুরি
কোরবানির ঈদ সামনে রেখে পাবনার ঈশ্বরদী উপজেলায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। দেড় মাসের ব্যবধানে এ উপজেলায় ৩১টি গরু চুরি হয়েছে। গরু চুরি বেড়ে যাওয়ায় খামারি ও কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
চুরি ঠেকাতে অনেক এলাকায় রাত জেগে খামার ও গোয়ালঘর পাহারা দেওয়া হচ্ছে। চুরি যাওয়া এসব গরুর আনুমানিক দাম প্রায় ৩৫ লাখ বলে খামারিরা দাবি করেছেন। এদিকে সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভায় গরু চুরি বন্ধে আলোচনা হয়। পরে পুলিশ তিনটি ইউনিয়নে রাতে টহল জোরদার করে।
কয়েকজন গরু খামারি বলেন, গ্রাম–মহল্লায় কিছুদিন ধরে গরু চুরি বেড়ে গেছে। কোরবানির ঈদ সামনে রেখে চোরেরা প্রায় রাতেই কোনো না কোনো বাড়িতে হানা দিচ্ছে। চুরির পর নছিমন ও করিমনে করে গরু নিয়ে যাচ্ছে চোরেরা। এসব গরু দাম সর্বনিম্ন¤৬০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজারটাকা।
শহরের নারিচা গ্রামের শফিকুল ইসলাম বলেন, ১৩ আগস্ট তাঁর বাড়ির গোয়ালের তালা ভেঙে ও লোহার শিকল কেটে চোরেরা চারটি গরু চুরি করে। চুরি যাওয়া চার গরুর দাম আনুমানিক আড়াই লাখ টাকা। এ ঘটনায় তিনি পরদিন থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে ১১ আগস্ট রাতে সাহাপুর ইউনিয়নের পশ্চিম সাহাপুর মহল্লার আসাদ হোসেনের বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়। আসাদ বলেন, পাঁচটির মধ্যে তিনটি দুধেল গরু, একটি বকন ও একটি এঁড়ে গরু রয়েছে। এর মোট দাম সাড়ে ছয় লাখ টাকা। একই গ্রামের দরিদ্র কৃষক মজিবর রহমানের বাড়ি থেকে ২ আগস্ট রাতে আড়াই লাখ টাকা দামের দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। দুটি গরু প্রতিদিন ৩০ লিটার দুধ দিত।
একইভাবে ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারি গ্রামের হুজুর আলীর বাড়ি থেকে দুটি, উকিল উদ্দিন খাঁর বাড়ি থেকে তিনটি, ছলিমপুরের বক্তারপুর গ্রামের ভোলা বিশ্বাসের বাড়ি থেকে পাঁচটি, একই গ্রামের ফজলুর রহমানের তিনটি, তিলকপুরের হবিভেড়ির খামার থেকে পাঁচটি, পাকশী ইউনিয়নের রূপপুর নলগাড়ি গ্রামের আবু সাঈদ তুফানের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়।
ছলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বলেন, কাঁঠালবাড়িয়া, সিলিমপুর, কদিমপাড়া, খরেরদাইড় গ্রামে গরুর চোরের উপদ্রব বেশি। চুরি ঠেকাতে ওই এলাকায় পাহারা চলছে। সম্প্রতি ছলিমপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভায় অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন, গোয়েন্দা বিভাগ ঈশ্বরদী অঞ্চলের পরিদর্শক আলমগীর জাহানকে গরু চুরি সম্পর্কে জানান ক্ষতিগ্রস্ত লোকজন। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও গরু চুরি নিয়ে আলোচনা হয়।
ওসি আজিম উদ্দীন বলেন, চুরির খবর পাওয়ার পর থেকে ছলিমপুর, সাহাপুর ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। গরু চুরির এজাহার জমা দিলে সেটি মামলা হিসেবে গ্রহণ করছেন। এর আগে গরু চুরির মামলায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এরপরও বিভিন্ন এলাকা থেকে গরু চুরির কিছু কিছু খবর আসছে।