ঈশ্বরদীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় এক বখাটে ও তাঁর সহযোগীরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ছলিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ দুজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছলিমপুর ইউনিয়নের পঞ্চম শেণির এক ছাত্রী রোববার সন্ধ্যায় নিজেদের বাড়িতে মায়ের সঙ্গে বসে গল্প করছিল। সন্ধ্যা সোয়া সাতটার দিকে স্থানীয় তরুণ পাপ্পু পাঁচ-ছয়জন সহযোগী নিয়ে ওই বাড়িতে যায়। তারা মেয়েটির মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তারা মেয়েটিকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

মেয়েটির বাবা অভিযোগ করে বলেন, বখাটে পাপ্পু তাঁর মেয়েকে কয়েক মাস ধরে উত্ত্যক্ত করে আসছিল। রোববার তাঁর মেয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষ হয়। ঘটনার পর তিনি ওই দিন রাতেই ঈশ্বরদী থানায় পাপ্পুসহ সাতজনকে আসামি করে অভিযোগ দাখিল করেন। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত পুলিশ অভিযোগটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করেনি।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে ভাড়ইমারী এলাকা থেকে পাপ্পুর মা পারুল বেগম ও তার খালু খালেক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। অপহৃত শিশুটি উদ্ধারের পর মামলা নেওয়া হবে।