ঈশ্বরদীতে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে তালিকাভুক্ত শীর্ষ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যা ব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। গত মঙ্গল ও বুধবার শহরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী শহরের কাছারিপাড়ার রঞ্জু আলী (৪৭), পিয়ারাখালী জামতলার দুলাল শেখ (৪৮) ও সাঁড়া ইউনিয়নের মাজদিয়া পুরোনো রেললাইনপাড়ার শামসুল মণ্ডল (৪৮)। এ ছাড়া পশ্চিম টেংরী এলাকার খাইরুল ইসলাম (২৪) ও সাঁড়া গোপালপুরের শাহিন মণ্ডলকে (২৮) ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ট্রেনে পাচারের সময় ৩৬৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
পাবনা র্যা বের কোম্পানি কমান্ডার মেজর আজমল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়। আসামিদের মধ্যে শামসুল মণ্ডলের বিরুদ্ধে ১১টি মাদকের মামলা রয়েছে। ২০১৩ সালের ৩১ আগস্ট ও গত বছর ১০ নভেম্বর শামসুলের বিরুদ্ধে র্যা ব বাদী হয়ে মাদক ও চোরাচালানের দুটি মামলা করে। এ ছাড়া ঈশ্বরদী থানায় রঞ্জুর নামে সাতটি ও দুলালের নামে একটি মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা সংঘবদ্ধ হয়ে রেল ও নৌপথে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।