ঈশ্বরদীতে পুলিশ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুজাউল ইসলামকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, গতকাল বুধবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ তিনজন হলেন— পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের খোকন হোসেন (৩২), বাঘইল পশ্চিমপাড়া গ্রামের জনি প্রামাণিক (২১) ও বাঘইল উত্তরপাড়া গ্রামের মাসুদ রানা (২৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে উপস্থাপন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

সুজাউল হত্যার ঘটনার তদন্ত কমিটির প্রধান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এলাকায় ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে আরও কিছু অপরাধের অভিযোগ আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সুজাউল হত্যায় সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে তাঁদের কথাবার্তার ধরন এবং প্রাপ্ত তথ্যের সঙ্গে একটা যোগসূত্র পাওয়া গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, নিশ্চিত হওয়ার পর ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েক দফা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাঁদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

গত সোমবার সকালে পাকশী রেলওয়ে স্টেশনের কাছ থেকে সুজাউলের (৩২) হাত, পা, মুখ ও চোখ বাঁধা এবং গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও ঠোঁটে কাটা দাগ ছিল। নিহত সুজাউল বগুড়া সদরের শেখপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। পুলিশের দাবি, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।