পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের দুই নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদল এ অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াস আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান, ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির হাসানের মা শাহানারা বেগম ও ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।
লিখিত বক্তব্যে বলা হয়, ২৩ মার্চ দিবাগত রাতে ঈশ্বরদীর রূপপুর গ্রামে পাকশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির হাসানের গ্রামের বাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ঘটনায় সময় বারবার থানা-পুলিশকে অবহিত করার পরও তারা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস ঈশ্বরদী ও ভেড়ামারার দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ছাত্রদলের নেতা তানভির হাসানের মা শাহানারা বেগম থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। উল্টো ঘটনার পরদিন রাত ১২টার দিকে সন্ত্রাসীরা উপজেলা সদরের রহনপুর এলাকায় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের ব্যবসায়িক কার্যালয়ে হামলা চালায়। সেখানে তাঁকে না পেয়ে প্রতিষ্ঠানের নৈশপ্রহরীকে মারধর করে লুটপাট চালানো হয়। ঘটনার সময় সন্ত্রাসীরা তিনটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও ব্যবসায়িক কাগজপত্র ও মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ইমরুল কায়েস থানায় মামলা দিতে গেলে তাঁর মামলাটিও পুলিশ নেয়নি।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতাদের দাবি, সন্ত্রাসীরা সরকারি দলের সমর্থক বলে পুলিশ মামলা গ্রহণ করছে না। উল্টো ছাত্রদলের নেতা-কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এতে ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ইমরুল কায়েস বলেন, ‘আমরা একটি দলকে সমর্থন করলেও শান্তিপূর্ণভাবে ব্যবসা করি। এরপরও আমাদের ওপর কেন এ ধরনের হামলা, অত্যাচার, এটা বুঝে উঠতে পারছি না। পুলিশের কাছে গেলে তারাও আমাদের অভিযোগ আমলে নিচ্ছে না। উল্টো হয়রানি করছে। এ অবস্থা চলতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করছি।’
জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, থানায় অভিযোগ দিতে এলে অবশ্যই তা গ্রহণ করা হবে। তাঁরা না এসে উল্টো দোষ দিচ্ছেন। প্রথম ঘটনাটি মূলত আওয়ামী লীগের এক নেতাকে হত্যার পরপরই ঘটেছে। প্রাথমিকভাবে বিষয়টি রহস্যজনক মনে হয়েছে। তারা নিজেরাই কাজটি করেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। তদন্তর পর যে দোষী সাব্যস্ত হবে সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।