ঈশ্বরদীতে প্রহরী খুন ছাত্রদল কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে গত সোমবার একটি বেসরকারি হাসপাতালের নিরাপত্তা প্রহরী খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে।
নিহত প্রহরীর নাম আলম শেখ (৪০)। তিনি কামিনী হেলথ কেয়ার ফাউন্ডেশনে কাজ করতেন। এ ঘটনায় পৌর ছাত্রদলের কর্মী মেহেদী হাসানকে (৩৩) সোমবারই রাতে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ছাত্রদলের সঙ্গে মেহেদীর সম্পৃক্ততা নিশ্চিত করেছেন।
পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শহরের বাবুপাড়া এলাকার আলম শেখ ২০১১ সাল থেকে কামিনী হেলথ কেয়ার ফাউন্ডেশনে প্রহরী হিসেবে কাজ করতেন। সোমবার রাত নয়টার দিকে হাসপাতালের কাজ শেষ করে আলম পাশের এক দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় মোটরসাইকেল করে মেহেদী হাসান ও তাঁর সহযোগীরা দোকানের সামনে আসেন। তখন তাঁদের সঙ্গে আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় পাশের একটি নালায় ফেলে রাখেন। কিছুক্ষণ পর নালা থেকে তুলে নিয়ে তাঁকে কামিনী হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে ফেলে রাখা হয়।
খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ মেহেদীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ছয়টি গুলি ও একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। আলমের বড় ভাই জাহাঙ্গীর শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ মামলার প্রধান আসামি মেহেদী। এ ছাড়া ছাত্রদল কর্মী ও মেহেদীর ভাই সোনামণি, যুবদলের কর্মী মুচি মিলন, আরিফ হোসেন ও জিসান এবং অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে এ মামলা হয়।