ঈশ্বরদীতে মাঠ থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাবনার ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মাঠ থেকে শাহিদা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিএসআরআইয়ের খামারশ্রমিক জহুরুল ইসলামের স্ত্রী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএসআরআইয়ের দক্ষিণ সীমানাপ্রাচীরের সামনে এ-৩ নম্বর মাঠের ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।
শাহিদা খাতুনের ছেলে খায়রুল ইসলামের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁর বাবা জহুরুল ইসলাম তাঁর মা শাহিদা খাতুনকে ডেকে নিয়ে হত্যা করেছেন। হত্যার পর থেকে তাঁর বাবা পলাতক রয়েছেন। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
ঈশ্বরদী থানার পুলিশ জানায়, ১০ থেকে ১১ বছর আগে প্রথম স্বামী মারা যাওয়ায় শাহিদা খাতুন বিয়ে করেন খামারশ্রমিক জহুরুল ইসলামকে। জহুরুলেরও আগের স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রীকে নিয়ে জহুরুল শহরের ভেলুপাড়া এলাকায় বসবাস করতেন। আর শাহিদা খাতুন থাকতেন বিএসআরআই শ্রমিকদের আবাসিক কোয়ার্টারে। তাঁর বড় ছেলে খায়রুল বিএসআরআইয়ের খামারশ্রমিক। দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিন থেকে শাহিদা খাতুন ও জহুরুলের সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। খায়রুল অভিযোগ করেন, ওই দ্বন্দ্বের জের ধরে তাঁর মাকে হত্যা করেছেন তাঁর বাবা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে। লাশের পাশ থেকে দুটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে। খায়রুল ইসলাম তাঁর বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবেন বলে পুলিশকে জানিয়েছে। তাঁর বাবাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। তিনি পলাতক রয়েছেন।
পাবনার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির আজ দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে এসে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।