ঈশ্বরদীতে যুবদল কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের কথিত গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন যুবদল কর্মী সোনামনি (৩১)। এ সময় সন্ত্রাসীদের হামলায় তিন পুলিশ সদস্যও আহত হন। শুক্রবার গভীর রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সোনামনিকে গতকাল শনিবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, ঈশ্বরদী পিয়ারাখালী এলাকার সোনামনি হত্যা, বোমাবাজি, গুম, চাঁদাবাজি ও নাশকতার ১৮ মামলার পলাতক আসামি। শুক্রবার রাত ১১টার দিকে পাবনার আমিনপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কাছে অস্ত্র আছে এবং সেটি বের করে দেবে বলে সোনামনি পুলিশকে জানান। অস্ত্র উদ্ধারের জন্য রাত আড়াইটার দিকে পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে পাকশী হঠাৎপাড়া-সংলগ্ন পদ্মার চরে অভিযান চালায়। সোনামনির সহযোগীরা এ সময় তাঁকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আহত হন ঈশ্বরদী থানার এএসআই কুয়েত ইসলাম, কনস্টেবল মকবুল হোসেন ও আক্কাস আলী। পুলিশও আত্মরক্ষার জন্য শটগানের ছয়টি গুলি ছোড়ে। সন্ত্রাসীদের গুলিতে সোনামনি আহত হন। তাঁর ডান পায়ে গুলি লাগে। হামলার শব্দে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সোনামনিকে পাবনা সদর হাসপাতাল থেকে গতকাল ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস মুঠোফোনে প্রথম আলোকে জানান, সোনামনি কোনো পদে নেই, তবে তিনি যুবদলের সক্রিয় কর্মী।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, পুলিশের ওপর হামলা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় সোনামনি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে।