ঈশ্বরদীতে লেভেল ক্রসিংয়ে দোকান, ঝুঁকিপূর্ণ চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী পৌরসভায় রেলওয়ের লেভেল ক্রসিং গেটের কাছে অবৈধ দোকান গড়ে উঠেছে। এতে রেললাইন পার হতে চালক ও পথচারীদের সমস্যায় পড়তে হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে। এসব দোকান উচ্ছেদে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
পৌরসভার উত্তর-দক্ষিণ বরাবর রেললাইন অতিক্রম করেছে। ঈশ্বরদী থানা ও বাস টার্মিনালের পাশে লেভেল ক্রসিংয়ের অবস্থান। দৈনন্দিন কাজে অহরহ পৌরসভার বাসিন্দাদের এই লেভেল ক্রসিং পার হতে হয়। এই রেললাইন দিয়ে প্রতিদিন অন্তত ৩২টি ট্রেন চলাচল করে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, লেভেল ক্রসিং গেটের পশ্চিম পাশে ১৫টি দোকান রয়েছে। বাঁশ-খুঁটি, চট ও প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি এসব দোকানে শাক-সবজি, ফল, চা-বিস্কুট, ঝালমুড়ি, কাপড়সহ নানা পণ্য বিক্রি হচ্ছে। লেভেল ক্রসিংয়ের দুই প্রান্তে লোহার গেটের কাছে বাঁশ ও টিন দিয়ে নির্মাণ করা হয়েছে দুটি দোকান। রেললাইনের ওপর সাতটি স্থানে অস্থায়ীভাবে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, তিনি এক বছর ধরে এখানে জিনিসপত্র বিক্রি করছেন। অন্যদের দেখাদেখি দোকান তৈরি করেন। তখন কেউ কোনো বাধা দেয়নি।
ঈশ্বরদীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আবু মাসুদ বলেন, দুই প্রান্তে লোহার গেট-বেরিয়ার ওঠানো-নামানো হয় হুইল ও শক্ত তারের মাধ্যমে। মাটির তিন ফুট নিচে পাকা গর্তের ভেতরে হুইল ও তার রাখা হয়েছে। গেট নামানো-ওঠানোর সময় ওই পাকা গর্ত নিরাপদ রাখতে হয়। কিন্তু দিনে দিনে জায়গা যেভাবে দখল হচ্ছে, তাতে ট্রেন চলাচলে ঝুঁকি বাড়ছে। লেভেল ক্রসিং গেটটি নিরাপদ রাখার জন্য দ্রুত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা প্রয়োজন। এ দায়িত্ব পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কার্যালয়ের। ঈশ্বরদী জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল করিম বলেন, ঈশ্বরদী রেল পুলিশকে এ বিষয়ে চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেয়নি।
ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, রেল পুলিশের দায়িত্ব অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। উচ্ছেদের দায়িত্ব জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট ও বিভাগীয় ভূসম্পত্তি কার্যালয়ের। পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা ইউনুছ আলী মুঠোফোনে বলেন, লেভেল ক্রসিং গেট এলাকায় অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে দ্রুত উচ্ছেদ করা হবে।