ঈশ্বরদীতে লোলো বাহিনীর সদস্যকে গণপিটুনি
পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুর এলাকাবাসী কথিত ‘লোলো বাহিনী’র সদস্য সেরুকে (৩০) পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, সেরু ফতেমোহাম্মদপুর এলাকার ‘লোলো বাহিনী’র দলের সদস্য ছিলেন। ওই বাহিনীর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ওবায়েদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেরু ফতেমোহাম্মদপুর এলাকায় প্রবেশ করলে উত্তেজিত জনতা তাঁকে পাকড়াও করে পিটুনি দেয়। গণপিটুনিতে তিনি আহত হন। সেরুকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই রাতে তাঁকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, একটি হত্যা মামলার পলাতক আসামি হওয়ায় সেরুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
থানা-পুলিশ জানায়, ফতেমোহাম্মদপুর এলাকার অবাঙালি নাগরিক মৃত এহতেশামের ছেলে সেরু। তাঁর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় হত্যাসহ মাদক, অস্ত্র, পুলিশের ওপর বোমা হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজির ১০-১২টি মামলা রয়েছে। ঈশ্বরদীর আলোচিত যুবদল কর্মী মুরাদ হত্যা মামলার তিনি ৬ নম্বর আসামি। পলাতক থেকে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় ঈশ্বরদী বাজারে পুলিশের ওপর বোমা হামলায় পুলিশ ফাঁড়ির শহর উপপরিদর্শক (টিএসআই) হাফিজ উদ্দিন আহত হন। পুলিশের ওপর বোমা হামলা মামলার তিনি আসামি ছিলেন। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তিনি যুবদল ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেন। বর্তমানে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী।