ঈশ্বরদীতে সৌদি প্রবাসী খুন
পাবনার ঈশ্বরদী উপজেলায় নিজ বাড়িতে আবু সাঈদ বিশ্বাস (৩৫) নামে এক সৌদি আরবপ্রবাসী গত শনিবার রাতে খুন হয়েছেন। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবু সাঈদের এক বান্ধবীকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই কিশোরীর বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। সে ঢাকার মিরপুর-১০ নম্বরে বাসা ভাড়া নিয়ে থাকত।
চরগড়গড়ি গ্রামের বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী ঢাকা থেকে গত শনিবার সন্ধ্যায় সাঈদের গ্রামের বাড়ি চরগড়গড়িতে বেড়াতে আসেন। ওই বাড়িতে রাতে বন্ধুদের নিয়ে আড্ডার পর কিশোরীটি পাশের একটি কক্ষে ঘুমাতে যায়। সকালে নিজ কক্ষে আবু সাঈদের লাশ দেখতে পান প্রতিবেশীরা।
এ ব্যাপারে থানায় ওই কিশোরী জানায়, শনিবার গভীর রাতে গোঙানির শব্দ পেয়ে সে ওই কক্ষে এসে দেখে, দুইজন সাঈদকে ছুরিকাঘাত করছে। সাঈদ ওই দুইজনের মধ্যে ইকবাল ওরফে সাঈদ মেম্বার নামে একজনকে চিনতে পারেন। ছুরিকাঘাতে সাঈদ মারা গেলে খুনের ঘটনা প্রকাশ না করার জন্য তাকে (কিশোরী) শাসিয়ে চলে যায় তারা। বাড়িতে কেউ না থাকায় ওই রাতে সে কাউকে কিছু জানাতে পারেনি।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, সাঈদের দুই ছেলেমেয়ে ও স্ত্রী পাবনা শহরে থাকেন। নারীঘটিত ও আর্থিক কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে বন্ধুর হাতে সাঈদ খুন হতে পারেন।