ঈশ্বরদীতে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে সড়কের পাশ থেকে ছিন্নবিচ্ছিন্ন দেহের গলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে ঈশ্বরদী-পাবনা সড়কের বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সীমানাপ্রাচীরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দীন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আজিম উদ্দীন বলেন, তাঁরা পথচারীদের মাধ্যমে ওই মরদেহ পড়ে থাকার খবর পান। তিনি বলেন, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। মুখের অংশ পচে গেছে। দেখে বোঝা যাচ্ছিল না লাশটি নারীর, না পুরুষের। সেখানে দুটি স্যান্ডেল ও গায়ের জামা পাওয়া যায়।
আজিম উদ্দীনের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশ সেখানে যে জামা পেয়েছিল তা কয়েক ভাগে ছেঁড়া ছিল। এটি নারী না পুরুষের পোশাক, তা-ও প্রাথমিকভাবে বোঝা সম্ভব হয়নি। পাশাপাশি যে স্যান্ডেল পাওয়া যায় তাও মধ্যম আকৃতির, যা নারী-পুরুষ সবাই পরে থাকে।