ঈশ্বরদীতে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত
পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর হোসেন মালিথা (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর ওই গ্রামেরই বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করেছে।
পুলিশের দাবি, ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে সহযোগীদের গুলিতে জাহাঙ্গীর নিহত হয়েছেন। তবে তাঁর পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে জাহাঙ্গীর মারা যান।
পুলিশ জানায়, রাত পৌনে একটার দিকে ঈশ্বরদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল শহরে টহল দেওয়ার সময় খবর পান, সাঁড়ার গোকুলনগরে রাস্তায় ডাকাতি-ছিনতাই হচ্ছে। তিনি পুলিশের চার সদস্যকে সঙ্গে নিয়ে সেখানে যান। তাঁরা রাজু সিনেমা হলের কাছে পৌঁছালে ছয় সদস্যের ডাকাত দল তাদের গাড়ি দেখে অস্ত্র নিয়ে ছুটে আসে। কিন্তু কাছে এসে পুলিশের গাড়ি বুঝতে পেরে তারা পালাতে থাকে। পুলিশও তাদের পিছু নেয়। এ সময় ডাকাত দল ওই গ্রামের ছাত্তারের দোকানের সামনের রাস্তা দিয়ে একটি মহল্লায় ঢুকে পুলিশের ওপর ইটপাটকেল ও গুলি ছোড়ে। একটি ইটের আঘাতে পুলিশের সদস্য মিজানুর রহমান অজ্ঞান হয়ে পড়েন। পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ডাকাত দলও তাঁদের ওপর পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর তারা পিছু হটলে পুলিশ এগোতে থাকে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ সেখানে আসেন। তিনি গোকুলনগর গ্রামের নূর মালিথার বাড়ির পাশের রাস্তায় জাহাঙ্গীর হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা ৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত তিনটার দিকে জাহাঙ্গীরকে পাবনা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তাঁর মৃত্যু হয়।
ওসি বিমান কুমার দাশ জানান, ঈশ্বরদী হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম ওই রাতেই জাহাঙ্গীরের মৃত্যুকালীন জবানবন্দি লিখেছেন। সেই জবানবন্দিতে জাহাঙ্গীর উল্লেখ করেছেন, কয়েকজন সহযোগী মিলে ওই রাস্তায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের গোলাগুলি হয়।
ওসি আরও জানান, জাহাঙ্গীর তালিকাভুক্ত মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। গত ১৯ আগস্ট ঈশ্বরদীর ভ্রাম্যমাণ আদালতে মাদকের মামলায় তাঁর ছয় মাসের সাজা হয়। কয়েক দিন আগে জাহাঙ্গীর হাজত থেকে বের হয়ে এসে আবারও ডাকাতি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়েন।
জাহাঙ্গীরের মা জাহানারা বেগম অভিযোগ করেন, এলাকার কয়েকজন সন্ত্রাসীর সঙ্গে জড়িয়ে পড়ে তাঁর ছেলে বিপথগামী হয়েছিল। এ কারণে পুলিশ গুলি করে তাঁর ‘নিরপরাধ’ ছেলেকে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।