ঈশ্বরদীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে আলিয়া ভুলু (৪২) নামের এক মাদক ব্যবসায়ী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত আলিয়া ভুলু শহরের ফতেমোহাম্মদপুর বিহারী বাজার এলাকার বাসিন্দা। 

পুলিশ ভুলুর প্যান্টের পকেট থেকে ৭০টি ইয়াবা বড়ি, একটি রিভলবার, চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। তাদের দাবি, রাতে পাকশীতে পুলিশের নিয়মিত তল্লাশি অভিযান ও টহল দেওয়ার সময় ভুলু ও তাঁর সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়ে পাবনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুলু মারা যান। তবে ভুলুর পরিবার দাবি করেছেন, পাকশীতে নয়, শুক্রবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়িতে তাঁদের এক আত্মীয়র বাড়ি থেকে পুলিশ পরিচয়ে ভুলুকে আটক করে নিয়ে তাঁর পায়ে গুলি করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক প্রথম আলোকে বলেন, নিহত আলিয়া ভুলু ঈশ্বরদী-পাবনা-নাটোর-রাজশাহী অঞ্চলের চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকের অসংখ্য মামলা রয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত ঈশ্বরদী থানায় হত্যাসহ ১০টি মাদকের মামলার তথ্য পাওয়া গেছে। নিজ এলাকা ছাড়াও অন্য জেলায়ও তাঁর বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।
‘বন্দুকযুদ্ধে’ ভুলুর মৃত্যু প্রসঙ্গে তাঁর ভাই একরাম হোসেন প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়িতে তাঁর এক আত্মীয়র বাড়ি থেকে পুলিশ ভুলুকে আটক করে চোখ বেঁধে সিএনজিতে করে নিয়ে যায়। এরপর শুক্রবার রাত দুইটার পর ঈশ্বরদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল আশরাফী তাঁকে মুঠোফোনে বলেন, তাঁর ভাই ভুলু পাবনা সদর হাসপাতালে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঈশ্বরদী থানা থেকে কাউন্সিলর এ খবর পেয়েছেন একরামকে জানান। খবর পেয়ে ওই রাতে তাঁর দুই বোনসহ স্বজনেরা পাবনা সদর হাসপাতালে গিয়ে দেখতে পান ভুলু পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের শয্যায় শুয়ে আছে। ভুলু তখন তাঁদের বলেন, পুলিশ তাঁর পায়ে গুলি করেছে। এর কিছুক্ষণ পর ভুলু মারা যান।