ঈশ্বরদীর ছয় পুলিশ তাৎক্ষণিক প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে এসে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) ও চার কনস্টেবলকে গত বৃহস্পতিবার ঈশ্বরদী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
এঁরা হলেন এসআই শাহিন মোহাম্মদ অনু ও আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এবং কনস্টেবল আনিসুর রহমান ওরফে আনিস, মিজানুর রহমান, মোমিনুল ইসলাম ও জিল্লুর রহমান।
পাবনার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির অভিযুক্তদের প্রত্যাহার করার পর পাবনা পুলিশ লাইনে সংযুক্ত করেছেন। এঁদের জিজ্ঞাসাবাদ ও অভিযোগের অনুসন্ধান চলছে।
পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামে রবিউল ইসলাম ওরফে রবি নামে এক মাদক ব্যবসায়ীকে ওই দিন গ্রেপ্তারের জন্য অভিযুক্ত ছয় পুলিশ সদস্য অভিযান চালান। পুলিশ সদস্যরা এ সময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং মাদক ব্যবসায়ীর ঘরের আসবাবপত্র তছনছ করেন। এ বিষয়ে মুঠোফোনে অভিযোগ পেয়ে পুলিশ সুপার তাৎক্ষণিক ছয় পুলিশ সদস্যকে ঈশ্বরদী থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। বর্তমানে অভিযুক্ত পুলিশ সদস্যরা পাবনা পুলিশ লাইনে অবস্থান করছেন।
পুলিশ সুপার আলমগীর কবির বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত করার পর তিনি বিভাগীয় ব্যবস্থা নেবেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, রবি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকের ১০টি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য ওই পুলিশ সদস্যরা বৃহস্পতিবার তাঁর বাড়িতে অভিযান চালান। তবে তাঁকে গ্রেপ্তার করতে পারেননি।