লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে গত সোমবার সকালে সন্ত্রাসীদের বাধায় পাবনার ঈশ্বরদী উপজেলার ৪০ জন ঠিকাদার দরপত্র দাখিল করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর (পশ্চিম) প্রধান প্রকৌশলী বরাবরে ওই ঠিকাদারেরা লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র ও ঈশ্বরদীর ওই ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে ঈশ্বরদীর ৪০ জন ঠিকাদারের নিযুক্ত চারজন প্রতিনিধি লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের অধীন বিভাগীয় প্রকৌশলীর দপ্তরে সাতটি গ্রুপের ঠিকাদারি কাজে দরপত্র দাখিল করতে আসেন। ওই কার্যালয় এলাকায় অবস্থানরত স্থানীয় আনুমানিক ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী তাঁদের কাছ থেকে দরপত্রের কাগজপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। এ সময় ঠিকাদারদের প্রতিনিধিদের মারধরও করা হয়।
ঈশ্বরদীর মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিক মো. নিজাম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঘটনাটি মুঠোফোনে জানতে পেরে আমরা রাজশাহী রেল বিভাগীয় প্রধান প্রকৌশলীকে ব্যবস্থা নিতে ফ্যাক্সের মাধ্যমে অভিযোগ পাঠিয়েছি। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী কার্যালয়ের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা আফজাল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। লালমনিরহাট রেল বিভাগীয় প্রধান প্রকৌশলীর কাছে অভিযোগটি পাঠিয়ে দিয়ে তদন্ত করে জানাতে বলেছি।’
এ ব্যাপারে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রধান প্রকৌশলী আহসান জাবির বলেন, সোমবার রেলস্টেশন সংস্কারকাজের সাতটি গ্রুপের প্রায় ৫০ লাখ টাকার দরপত্র দাখিলের নির্ধারিত দিন ছিল। নির্ধারিত সময় দুপুর ১২টা পর্যন্ত ৪৩৬টি দরপত্র জমা পড়েছে। তিনি বলেন, ‘আমার দপ্তরে (বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়) কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ঈশ্বরদীর ৪০ জন ঠিকাদারের দরপত্র টেন্ডার বাক্সে ফেলতে না দেওয়া-সংক্রান্ত একটি অভিযোগ রাজশাহী প্রধান প্রকৌশলীর দপ্তরের মাধ্যমে পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’