উক্যচিং মারমার বাগান বেদখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের সদ্যপ্রয়াত উক্যচিং মারমা বীর বিক্রমের আড়াই একরের বাগান দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য শাহ আলম (ড্রাইভার) লাঠিয়াল বাহিনী নিয়ে বীর বিক্রমের জমির সীমানাখুঁটি উপড়ে ফেলে বাগানের গাছ কেটে জায়গা দখল করেছেন বলে উক্যচিংয়ের ছেলে ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।
তবে শাহ আলম বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ অস্বীকার করে ওই বাগান তাঁর নিজে বলে দাবি করেছেন। উক্যচিংয়ের ছেলেই বাগানের গাছ কেটে ফেলেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
উক্যচিং মারমা ছিলেন একমাত্র আদিবাসী বীর বিক্রম।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, জেলা শহরে উক্যচিং বীর বিক্রমের বাড়ি লাঙ্গিপাড়া থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমের পাহাড়ে কিছু সেগুনগাছ ছাড়া বাগানের কিছুই অবশিষ্ট নেই। গাছের কেটে ফেলা চারা ছড়িয়ে-ছিটিয়ে আছে। কেটে ফেলা হয়েছে ঝোপঝাড়ও। সীমানাখুঁটির জায়গাগুলোতে গর্ত হয়ে আছে। তবে খুঁটি পাওয়া যায়নি।
উক্যচিংয়ের বাগানে বসবাসকারী মোমেনা খাতুন ও সুফিয়া বেগম ওরফে মোনোবি বলেছেন, শাহ আলম গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লাঠিসোঁটাধারী বিশাল দল নিয়ে এসে এলাকাটি ঘিরে ফেলেন। তাঁরা ওই এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন এবং বাগানের সেগুন, গামারি ও কলাগাছ কেটে সীমানাখুঁটি তুলে নিয়ে যান।
মোমেনা খাতুন বলেন, বাগান ধ্বংস শেষে লাঠিসোঁটাধারী ব্যক্তিরা তাঁর স্বামীর গলা টিপে ধরে এবং তাঁর চুলের ঝুঁটি চেপে ধরে। পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে শাহ আলম ও তাঁর লোকজন বাগান কেটে ফেলার কথা কাউকে বললে প্রাণনাশের হুমকি দেন।
উক্যচিংয়ের ছেলে বাবুল মারমা গতকাল প্রথম আলোকে বলেন, শাহ আলমের কাছে তাঁর বাবার বিক্রি করা তিন একর ৮০ শতক জমির পাশে তাঁদের আরও আড়াই একর জমি রয়েছে। সেখানে তিনি বাগান করেছেন এবং সম্প্রতি কামাল উদ্দিন নামে একজনের কাছে এক একর জমি বিক্রি করলেও সেই জমি হস্তান্তর হয়নি। শাহ আলম পুরো জমির বাগান ধ্বংস করে দখল করে ফেলেছেন।
শাহ আলম বাগানের গাছ কাটা এবং জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ওই এলাকায় দুই মাস ধরে যাননি। কেটে ফেলা বাগানের জায়গায় উক্যচিংয়ের মালিকানা নেই দাবি করে শাহ আলম বলেন, ‘ওটা আমার বাগান। বাবুল মারমা ও কামাল উদ্দিন বাগান কেটে দিয়েছেন বলে লোকজন আমাকে জানিয়েছেন।’