উখিয়ায় গুলি করে হাতি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলে দুর্বৃত্তরা মাথায় গুলি করে হত্যা করেছে ৫০ বছর বয়সী একটি হাতিকে। এরপর মৃত হাতিটি প্রায় ১০০ ফুট উঁচু পাহাড় থেকে নিচে ফেলে মাটিতে পুঁতে ফেলা হয়। গতকাল শনিবার দুপুরে বনকর্মীরা মাটি খুঁড়ে হাতির দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবদুল আউয়াল সরকার প্রথম আলোকে বলেন, বন্য হাতি হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পালংখালী ইউনিয়নের গ্রাম পুলিশ হোসেন আহমদ বলেন, গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত দাঁতের জন্য গুলি করে বন্য হাতিটিকে হত্যা করে। এরপর হাতির দুটি দাঁত কেটে নিয়ে দেহ পুঁতে ফেলে। স্থানীয় কাঠুরিয়ারা এ খবর তাঁকে জানালে তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় বন কর্মকর্তাদের অবহিত করেন। এরপর গতকাল সকালে বন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
স্থানীয় লোকজন জানান, পালংখালী গ্রামের জাফর আলম ও তাঁর ভাই ছৈয়দ আলম সংরক্ষিত বনভূমিতে ধান চাষ করেন। জমির পাকা ধান পাহারা দেওয়ার জন্য তাঁরা ঘুমধুম এলাকার আইয়ুব আলীর নেতৃত্বে একদল লোক নিয়োগ দেন। তাদের হাতে থাকা অবৈধ বন্দুকের গুলিতেই ওই বন্য হাতির মৃত্যু হয়। এরপর তারা দাঁত দুটি কেটে নেয়। বাজারে হাতির প্রতিটি দাঁত বিক্রি হয় লাখ টাকায়।
গতকাল বিকেল চারটায় ঘটনাস্থল (গহিন অরণ্য) থেকে সহকারী বন সংরক্ষক (এসিএফ) রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, মাথায় গুলি করে বন্য হাতিটিকে হত্যা করা হয়েছে। এরপর ১০০ ফুট উঁচু পাহাড় থেকে নিচে ফেলে সেখানে গর্ত খুঁড়ে এটি পুঁতে গাছের ঢালপালা দিয়ে ডেকে রাখা হয়। এ কারণে স্পট খুঁজে পেতে সময় লাগে।
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নন্দ কুমার ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন করেন। এ সময় হাতির মাথায় গুলির দাগ পাওয়া গেছে। কিন্তু দাঁত কাটার চিহ্ন পাওয়া যায়নি। এটি মেয়ে হাতি। বয়স আনুমানিক ৫০ বছর। কারা গুলি করেছে, তাও জানা গেছে। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী নিরোধ আইনে মামলা করা হবে।