উখিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সাত মামলা
কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রকল্পের অর্ধকোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে পৃথক সাতটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুদকের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. শফিউল্লাহ উখিয়া থানায় এসব মামলা করেন। মামলার আসামিদের মধ্যে পাঁচজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। বাকিরা সরকারি কর্মকর্তা।
দুদক সূত্র জানায়, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে উখিয়া উপজেলায় কর্মসৃজন প্রকল্পের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় রাস্তা মেরামত, খেলার মাঠ ভরাট, কবরস্থান পরিষ্কারসহ বিভিন্ন কাজের জন্য অর্থ বরাদ্দ ছিল। এর মধ্যে বেশি অর্থ বরাদ্দ ছিল রাস্তা মেরামত ও সংস্কারের জন্য। কিন্তু সাতটি উপপ্রকল্পের আওতায় কাজ না করেই ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রকল্পের মোট ৫০ লাখ ১৫ হাজার ৪৪২ টাকা আত্মসাৎ করা হয়।
মামলার আসামিরা হলেন জালিয়া পালং ইউপি সদস্য আবু তাহের ও মোরশেদ আলম; পালং খালী ইউপি সদস্য ফজল কাদের ভুট্টু, শেখ হাবিবুর রহমান ও আবদুস শুকুর; উখিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোক কুমার আচার্য; অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের ফিল্ড সুপারভাইজার জামাল হোসেন; উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম; উখিয়া উপজেলা প্রকৌশলী মো. জামাল উদ্দিন এবং উখিয়ার একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মো. আবদুল করিম।
দুদকের চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, দুদকের অনুসন্ধানে টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে মামলা করা হয়।