কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের কুলালপাড়া থেকে গতকাল শনিবার জমিলা আকতার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জমিলার বাড়ি কুলালপাড়ায়। সে রুমখা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
জমিলার মা জাহেদা খাতুনের ভাষ্যমতে, শুক্রবার বিকেলে জমিলাকে বাড়িতে রেখে তিনি ও তাঁর বড় বোন কেনাকাটা করতে যান। এ সুযোগে স্থানীয় মাতবরপাড়ার রবিউল আলম ও সাদ্দাম হোসেন বাড়িতে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণ করে ও ঘটনার ভিডিওচিত্র ধারণ করে। এই ঘটনা প্রকাশ করলে ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় তারা। এ অপমান সইতে না পেরে শুক্রবার রাতে ঘরের খুঁটির সঙ্গে ওড়না পেঁচিয়ে জমিলা আত্মহত্যা করে। গতকাল সকালে জমিলার সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর প্রবেশ করে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তিনি রবিউল ও সাদ্দামের বিরুদ্ধে মামলা করবেন।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।