উখিয়ায় 'বন্দুকযুদ্ধে' আরেক মানব পাচারকারী নিহত
কক্সবাজারের উখিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক মানব পাচারকারী নিহত হয়েছেন। পুলিশের দাবি, গতকাল রোববার ভোরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া সৈকতে মানব পাচারের চেষ্টাকালে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত মো. জাফর ওরফে জাফর মাঝির (৩৮) বিরুদ্ধে উখিয়া থানায় মানব পাচারের পাঁচটি মামলা রয়েছে।
এর আগে গত শুক্রবার ভোরে টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানব পাচারের মামলার তিন আসামি নিহত হন। পুলিশের দাবি, নিহত তিনজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী ছিলেন। এ নিয়ে গত তিন দিনে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের তালিকাভুক্ত চারজন মানব পাচারকারী নিহত হয়েছেন।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) দেওয়ান আবুল হোসেন প্রথম আলোকে জানান, শনিবার দিবাগত রাত আড়াইটায় সোনারপাড়া সৈকতের একটি ঝুপড়িঘরে বসে মানব পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন জাফর মাঝি ও তাঁর সহযোগীরা। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে গেলে মানব পাচারকারীরা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়।
দেওয়ান আবুল হোসেন দাবি করেন, প্রায় ২০ মিনিট ধরে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে পাচারকারীরা পাশের ঝাউবনে পালিয়ে যান। পরে পুলিশ সৈকত থেকে একটি এলজি, দুই রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় জাফর মাঝিকে আটক করেন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন।
ডিবির ওসি জানান, পাচারকারীদের ছোড়া গুলিতে কনস্টেবল সোহেল মিয়া ও আনসার সদস্য মনির হোসেন আহত হয়েছেন। তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন তালুকদার জানান, নিহত জাফর মাঝি জেলার শীর্ষ মানব পাচারকারী। জাফরের নেতৃত্বে ১৬ মাঝির মাধ্যমে কক্সবাজার উপকূলে মানব পাচার চলে।
২০১৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার উপকূল থেকে থাইল্যান্ড ও মালয়েশিয়াতে পাচার হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। মানব পাচারে জড়িত থাইল্যান্ড, মিয়ানমার, মালয়েশিয়া ও বাংলাদেশের ২৪১ ব্যক্তি। ওই তালিকার জাফর মাঝির নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তারা দেখে মানব পাচার: জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন দাবি করেছেন, গুলিতে আহত হওয়ার পর জাফর মাঝি তাঁকে জানিয়েছেন, টেকনাফ উপকূল থেকে তিনি (জাফর) থাইল্যান্ড ও মালয়েশিয়ার উদ্দেশে আকাশের তারা দেখে দেখে ট্রলার চালাতেন তিনি। অন্ধকার রাতে তাঁরা না চিনলে ট্রলার চালানো কঠিন। ডুবোচরে আটকা পড়ে ট্রলার উল্টে যেতে পারে। অথবা অন্য দেশের উপকূলে ট্রলার চলে যেতে পারে। গত পাঁচ বছরে তিনি অর্ধশতাধিক ট্রলারে করে সাত হাজারের বেশি মানুষকে পাচার করেছেন। কিন্তু একবারও বিপদে পড়েননি তিনি।
উখিয়ার পশ্চিম সোনারপাড়া গ্রামের দুই জেলে সৈয়দ আমিন ও করিম উল্লাহ জানান, সাত বছর আগে মাছ ধরার ট্রলারে শ্রমিক হিসাবে কাজ করতেন নিহত জাফর মাঝি। মানব পাচারে জড়িয়ে তিনি রাতারাতি লাখপতি বনে যান। উখিয়া উপকূল থেকে লোকবোঝাই একটি ট্রলার থাইল্যান্ড সীমান্তে পৌঁছে দিলে তাঁকে দেড় থেকে দুই লাখ টাকা দিতে হতো।