উখিয়ার চার শিশু পাচারকারীর খপ্পরে
কক্সবাজারের উখিয়া উপজেলার পাতাবাড়ীর চার শিশুকে মালয়েশিয়া পাচারের জন্য গত বৃহস্পতিবার রাতে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তাদের পরিবার।
ওই চার শিশু হলো: কামাল (১৩), মোহাম্মদ আলী (১৫), মো. শাহজাহান (১৫) ও আয়াছ মিয়া (১২)।
আলী আহমদ নামের এক ব্যক্তি জানান, গত বৃহস্পতিবার বেলা একটার দিকে মরিচ্যা বাজারের দুই দালাল পাতাবাড়ী পূর্ব হলদিয়া গ্রাম থেকে তাঁর ছেলে আক্তার কামালসহ চার শিশুকে ফুসলিয়ে মাইক্রোবাসে তুলে টেকনাফ নিয়ে যায়। তারপর ৮০ হাজার টাকায় চার শিশুকে পাচারকারীর হাতে তুলে দেয়। রাতে তাদের মালয়েশিয়ায় পাচারের জন্য ইঞ্জিনচালিত নৌকায় তুলে দেওয়া হয়। নৌকায় তোলার আগে তাঁর ছেলে আরেকজনের মুঠোফোনে তাঁকে এ কথা জানায়।
এ ঘটনায় আলী আহমদ উখিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম জানান, দালালদের আটক করার চেষ্টা চলছে।