উখিয়ায় আড়াই লাখ ইয়াবা বড়ি জব্দ
কক্সবাজারের উখিয়া থেকে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। গতকাল শনিবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী কাস্টমস তল্লাশিচৌকি এলাকায় একটি ট্রাক থেকে এসব ইয়াবা জব্দ করে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ট্রাকচালক মোহাম্মদ মিন্টুন আলী (২৭) ও সহকারী দেলোয়ার হোসেন (২০)। দুজনই যশোরের শার্শা উপজেলার বাসিন্দা।
টেকনাফ শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ঢাকাগামী একটি খালি ট্রাক বালুখালী কাস্টমস তল্লাশিচৌকিতে এসে পৌঁছালে তাতে তল্লাশি চালানো হয়। ট্রাকের ভেতরে একটি বাক্স ছিল। এই বাক্সে ইয়াবা বড়িগুলো পাওয়া যায়। জব্দ করা ইয়াবা বড়ি, ট্রাক ও গ্রেপ্তার হওয়া দুজনকে উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিন্টুন ও দেলোয়ারকে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।