উখিয়ায় আড়াই লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২
কক্সবাজারের টেকনাফে একটি ট্রাক থেকে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। আজ শনিবার ভোর সাড়ে তিনটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী কাস্টমস তল্লাশি চৌকি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-যশোরের শার্শা উপজেলার গোগার গ্রামের বাসিন্দা আবদুর রশিদের ছেলে (ট্রাকচালক) মোহাম্মদ মিন্টু আলী (২৭) ও একই উপজেলার কালিয়ানি গ্রামের মশিউর রহমানের ছেলে (চালকের সহকারী) দেলোয়ার হোসেন (২০)।
এ সময় ইয়াবা বড়ি পাচারে জড়িত ট্রাকটি জব্দ করা হয়। এ যাবৎ সারা দেশে বাংলাদেশ পুলিশের আটক করা ইয়াবার চালানের মধ্যে এটি সবচেয়ে বড় চালান বলে পুলিশ জানিয়েছে।
শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া প্রথম আলোকে বলেন, আজ শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকাগামী একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৫১১১) বালুখালী কাস্টমস তল্লাশি চৌকিতে এসে পৌঁছালে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকের ওপরে একটি বাক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই লাখ ৫৫ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য সাত কোটি ৬৫ লাখ টাকা।
রাজেশ বড়ুয়া আরও জানান, ইয়াবা বড়ি বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারীকে ইয়াবা বড়ি ও ট্রাকসহ উখিয়া থানা-পুলিশে সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গ্রেপ্তার দুজনকে আজ কক্সবাজার আদালতে হাজির করা হবে।