উখিয়ায় এক রাতে ১১ দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনে গতকাল সোমবার রাতে একসঙ্গে ১১ দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন।

থাইংখালী স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি দানু মিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, চুরির সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনায় প্রায় ২০-২৫ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ব্যবসায়ীরা জানান, থাইংখালী স্টেশনের ব্যবসায়ীরা সোমবার দিবাগত রাত ১১টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন মঙ্গলবার সকালের দিকে দোকানে এসে দেখতে পান, সামনে ফটকের তালা ভাঙা। এরপর ১১টি দোকানে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, এক রাতে একসঙ্গে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। দোকানমালিকদের পক্ষে এখনো কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি।
তবে মালিকেরা অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।