উখিয়ায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তুলে নিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে রামুতে অভিযান চালিয়ে শুক্কুর নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উখিয়ার বটতলী গ্রামে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার গভীর রাতে হাসপাতালে ঢুকে একদল বখাটে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। ঘণ্টা দেড়েক পর তাকে হাসপাতাল-সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে এসেছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তির নেতৃত্বে মেয়েটিকে হাসপাতাল থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। তিনি জানান, গত মঙ্গলবার রাতে ওই কিশোরীর মা গিয়াস উদ্দিনসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন।