উখিয়ায় বিদেশি পিস্তলসহ তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি একটি পিস্তল, গুলিসহ তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিনারমার খোলা ক্যাম্প থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
৮ এপিবিএনের কমান্ডিং কর্মকর্তা ও পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উখিয়ার ময়নার ঘোনা ক্যাম্প-১২ এর মো. সলিমুল্লাহর ছেলে ওমর ফারুক (২৪)। এপিবিএনের দাবি, গ্রেপ্তার ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী।
এপিবিএন সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদের নেতৃত্বে রোহিঙ্গা মো. রফিকের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র, গুলিসহ ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। ওমর ফারুকের দেহ তল্লাশি করে কোমরের ডান পাশে কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
সিহাব কায়সার খান বলেন, গ্রেপ্তার ওমর ফারুক তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি মিয়ানমারে চলমান জান্তা সরকারবিরোধী লড়াইয়ে অংশ নিয়ে কয়েক দিন আগে বাংলাদেশে আসেন। আবার মিয়ানমারে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে তিনি প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনতে তানজিনারমার খোলা ক্যাম্প-১৩–এর কাঁঠালতলী বাজারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে অস্ত্রসহ এপিবিএন পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে উখিয়া থানা–পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।