উখিয়ায় ভবন নির্মাণে খাল দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া সদরে খাল দখল করে একটি পাকা ভবন তৈরির অভিযোগ পাওয়া গেছে। সদরের ফলিয়াপাড়া রাস্তার মুখে ঘিলাতলী খালের পাড়ে নির্মিত হচ্ছে ভবনটি। ফলে খালের পানিপ্রবাহে বাধা সৃষ্টির আশঙ্কা করছে স্থানীয় লোকজন। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে।

উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, খালটি রেজুখালের সঙ্গে সংযুক্ত। ১০ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি প্রবাহিত হয়েছে পাঁচটি গ্রাম ঘিলাতলী, মালভিটা, গরুবাজার, সিকদারবিল, পাতাবাড়ীর মধ্য দিয়ে। এটির প্রস্থ ২০ থেকে ৫০ ফুট পর্যন্ত।

 সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, খালের এক পাড়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভবনের প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হয়েছে খালের ওপর। ফলে পানিপ্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে ভবনটির একতলা ছাদঢালাইয়ের কাজ শেষ হয়েছে।

ঘিলাতলীর কৃষক নবী হোসেন ও ফলিয়াপাড়ার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি এই খাল দিয়েই রেজুখাল হয়ে বঙ্গোপসাগরে পড়ে। কিন্তু গত জুন মাসের শুরুর দিকে খালের একটি অংশ দখল করে ভবনের জন্য প্রতিরোধ দেয়াল নির্মাণ করায় পানি চলাচলের গতিপথ সংকুচিত হয়ে পড়ে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় বাসিন্দা মো. ইসহাক নামের এক ব্যক্তি এ ভবন নির্মাণ করছেন।

খাল দখল করে ভবন নির্মাণ প্রসঙ্গে মো. ইসহাক প্রথম আলোকে বলেন, ভবনটি খালের তীরে তৈরি হলেও সেটি (জমিটি) ব্যক্তি মালিকানাধীন জোত জমি। ভবন নির্মাণের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি নেওয়া হয়নি বলে জানান।

কক্সবাজারে ভবন নির্মাণ করতে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া খালের পাড়ে ভবন করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নিতে হয়।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পানি চলাচলের খাল বা নদীর তীরে ভবন নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। এই ভবনটি নির্মাণের ক্ষেত্রে তা করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন বলেন, খাল দখলের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান প্রথম আলোকে বলেন, সার্ভেয়ারকে নিয়ে  ওই স্থানে খালের প্রস্থ মেপে দেখা হয়েছে। ভবনটি ছাড়াও খালের কয়েকটি অংশ অবৈধ দখলে চলে গেছে। কিন্তু মালিকেরা বলছেন, এসব তাঁদের জোতজমি। এ জন্য বিষয়টি মীমাংসা করতে জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সমন্বয়ে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।