উখিয়ায় মানব পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুবপালং রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে মানব পাচারের অভিযোগে মিয়ানমারের নাগরিক মো. আলমকে আটক করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, মিয়ানমারের মংডু থানার বলিবাজার গ্রামের আলমকে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচারে জড়িত থাকার অভিযোগে গত ২১ মে রাতে আটক করা হয়। আলম রোহিঙ্গাদের মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে সমুদ্রপথে পাচার করে আসছে। তার বিরুদ্ধে মানব পাচার ও বিদেশি নাগরিক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
মালয়েশিয়াগামী যাত্রী উদ্ধার: গতকাল ভোরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বড়ইনানী গ্রামের অজি উল্লাহর বাড়ি থেকে খলিল মিয়া নামে মালয়েশিয়াগামী এক যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। খলিল শেরপুরের পাঞ্জরভাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
খলিল মিয়া জানান, গত শুক্রবার সকালে তিনি শেরপুর থেকে কক্সবাজারে আসেন। বিকেলে তিনি অটোরিকশায় করে শহর থেকে ইনানী সৈকতে যান। সেখানে তাঁকে একা পেয়ে দালাল অজি উল্লাহসহ কয়েকজন তাঁকে জোর করে অটোরিকশায় তোলে উখিয়া নিয়ে যায় এবং মালয়েশিয়া পাচারের জন্য একটি ঘরে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাঁকে সেখান থেকে উদ্ধার করে।
উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, এ ব্যাপারে অজি উল্লাহসহ তিন মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।