উখিয়ায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহীন (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একটি মেলা থেকে তখন তিনি বাড়ি ফিরছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।
নিহত শাহীন উখিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামে।
উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় খেলার মাঠে আয়োজিত হস্ত ও কুটিরশিল্প মেলা থেকে রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শাহীনের ওপর হামলা চালায়। তাঁকে ছুরিকাঘাত করা হয়। এ সময় শাহীনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শাহীনকে উদ্ধার করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কক্সবাজার সদর হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শাহীনের মৃত্যু হয়।
এদিকে শাহীনের মৃত্যুর খবরে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বলেন, উখিয়া ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত। কোন্দলের কারণে শাহীনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তবে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ বলেন, ছাত্রলীগের কোন্দলে শাহীনের মৃত্যুর হয়নি। হস্ত ও কুটিরশিল্প মেলার জুয়া খেলার টাকার ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।
উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, শাহীনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরির আঘাত রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করার পাশাপাশি জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।