উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। গত রোববার রাত আটটার দিকে শিবিরের ভেতরে এই ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম কুতুপালং রোহিঙ্গা বস্তির নেতা।
পুলিশ জানায়, রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরুল ইসলামের সঙ্গে এক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নুরুল ইসলাম শিবিরের একটি পানের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পাশের জঙ্গলে পালিয়ে যায়। রাত ১০টার দিকে গুলিবিদ্ধ নুরুল ইসলামকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কুতুপালং রোহিঙ্গা বস্তির সর্দার আবু ছিদ্দিক ও নিহত নুরুল ইসলামের শ্বশুর আবদুর রহমান বলেন, শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, শিবিরের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের ঘটনায় গুলিতে নিহত হয়েছেন নুরুল ইসলাম। গতকাল সোমবার কক্সবাজার সদর হাসপাতালে তাঁর লাশের ময়নাতদন্ত করা হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীদের ধরতে কুতুপালং পাহাড়ে অভিযান চালাচ্ছে পুলিশ।