উখিয়ায় ৫৪টি মূর্তি উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে ৫৪টি ধাতব বুদ্ধমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত শনিবার রাত আটটার দিকে উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউনিয়নের রহমতের বিল নামক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বুদ্ধমূর্তিগুলো উদ্ধার করা হয়। পাঁচ থেকে দশ ইঞ্চি উচ্চতার মূর্তিগুলো মিয়ানমার থেকে পাচার করে বাংলাদেশে আনা হচ্ছিল। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, বিজিবির বালুখালী সীমান্ত চৌকির সদস্যরা উখিয়া উপজেলার রহমতের বিল নামক এলাকায় চোরাচালানবিরোধী টহল দিচ্ছিলেন। এ সময় তাঁরা মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৩২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকার মূল্যের ৫৪টি বুদ্ধমূর্তি উদ্ধার করেন। এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার করা মালামাল বালুখালী শুল্ক বিভাগের জমা দেওয়া হয়েছে।