উখিয়ায় ৯ কেজি ক্রিস্টাল মেথ জব্দ
কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদক কারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলির পর ৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।
তবে এ ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। বিজিবির দাবি, এটি দেশের এযাবৎকালে জব্দ হওয়া আইসের সবচেয়ে বড় চালান, যার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা।
সোমবার রাত নয়টায় বিজিবির কক্সবাজার সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগের রাতে উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউনিয়নের বালুখাল কাটাপাহাড় এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের দলনেতা নবী হোসেনের একটি আস্তানায় বিজিবির অভিযানে ৯ কেজি ওজনের ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
উখিয়ার সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির বলেন, বালুখালী কাটাপাহাড় এলাকায় রোববার রাতে ক্রিস্টাল মেথের একটি চালান আসবে, এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ করে গুলি ছোড়ে। বিজিবি সদস্যরা আত্মরক্ষায় সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা গুলি করতে করতে পার্শ্ববর্তী গোলপাতার বাগানের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহল দল সেখানে তল্লাশি করে ৯ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি কর্মকর্তা মেহেদী হোসাইন কবির বলেন, গত ১ জানুয়ারি থেকে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহল দল ৬ লাখ ৫৪ হাজার ৩৫০টি ইয়াবা বড়ি এবং ৭০ কোটি টাকা মূল্যের ১৪ কেজি ক্রিস্টাল মেথসহ সর্বমোট ৮৯ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করে। এসব ঘটনায় আটজনকে আটক করা হয়।