উচ্চ প্রযুক্তির নকলে সহায়তা, চার কৃষি কর্মকর্তার নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ প্রযুক্তির নকলে সহযোগিতা করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চারজন উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মামলায় উচ্চ প্রযুক্তি ব্যবহার করে নকলের চেষ্টা করার অভিযোগ ১২ পরীক্ষার্থীকেও আসামি করা হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়ার আশ্বাস দিয়ে ওই চার কর্মকর্তা পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেয়—এই অভিযোগ পেয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা হয়েছে।

মামলার আসামি উপসহকারী কৃষি কর্মকর্তারা হলেন: ঠাকুরগাঁও সদরের মো. মোশারফ, রাজশাহীর দুর্গাপুরের ভেড়ামারার মো. রিন্টু, টাঙ্গাইলের ধনবাড়ির ফরিদ আহম্মেদ ও যশোরের ঝিকরগাছার মোসাম্মৎ সুমি।

গত শুক্রবার উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষা কেন্দ্র থেকে ওই ১২ জনকে বিভিন্ন ধরনের ডিভাইসসহ আটক করা হয়। পরীক্ষার্থীদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, চারটি অত্যাধুনিক সঙ্কেতযন্ত্র, দুইটি সূক্ষ্ম শ্রবণযন্ত্র, ১১ টি প্রবেশপত্র ও উত্তরপত্র ও নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, নকল চক্রের সঙ্গে জড়িত উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া যায় তা নিতে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনুরোধ করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে থেকেও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তার করার পর ওই ১২ জন পরীক্ষার্থীকে র‍্যাব জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই প্রযুক্তির মাধ্যমে নকল করার সুযোগ পেয়েছেন বলে জানায়। এ জন্য একটি প্রতারক চক্রকে অগ্রিম এক থেকে দুই লাখ টাকা এবং চাকরি হয়ে যাওয়ার পর আরও পাঁচ থেকে ১০ লাখ টাকা দেওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছিল।

র‍্যাব সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে নকলকারীরা স্বীকার করেন প্রতারক চক্রটি চুক্তির শর্ত অনুযায়ী পরীক্ষার্থীদের কাছে স্মার্ট ঘড়ি, খুদে বার্তা পাঠানোর জন্য ছোট্ট যন্ত্র ও অত্যাধুনিক সূক্ষ্ম শ্রবণ যন্ত্র সরবরাহ করে। বাইরে থেকে উপসহকারী কৃষি কর্মকর্তারা যন্ত্র গুলোর মাধ্যমে উত্তর পাঠাতে থাকেন।

এ ব্যাপারে র‍্যাব-৩ এর কোম্পানি কমান্ডার মেজর ফাহিম আদনান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন পারেন ওই নিয়োগ পরীক্ষা অত্যাধুনিক যন্ত্রের ব্যবহারের তথ্য পান। বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরীক্ষা গ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কর্তৃপক্ষকে আমরা জানাই। এর পেছনে আরও কারা আছে তা অনুসন্ধান চলছে।