শরীরের সঙ্গে বিশেষ কায়দায় স্থাপন করা হয়েছে মোবাইল ফোনের ব্যাটারি ও যন্ত্রাংশ। কানে ছোট্ট এক যন্ত্র, যা দিয়ে শোনা যায়। উচ্চ প্রযুক্তির এমন অভিনব কায়দায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় নকল করছিলেন কয়েকজন প্রার্থী। শুরুতে পরীক্ষক বিষয়টি ধরতে পারেননি। কিন্তু একাধিক পরীক্ষার্থীর কানে ওই যন্ত্র দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমানের সন্দেহ হয়। বিষয়টি বুঝতে পেরে ১২ জন প্রার্থীকে আটক করা হয় ওই যন্ত্রসহ।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত ওই নিয়োগ পরীক্ষায় ওই ১২ জন ছাড়াও আটক হয়েছেন অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা আরও পাঁচজন। এই পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অভিনব ওই যন্ত্রসহ আটক ব্যক্তিদের র্যাবের হেফাজতে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান বলেন, ‘গত বছর ৪২ জন ভুয়া পরীক্ষার্থী ও নকল করা
প্রার্থীকে আটক করেছিলাম। এবার পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও ভুয়া পরীক্ষার্থী ও নকল কমেছে। কিন্তু উচ্চ প্রযুক্তি ব্যবহার করে নকল করার এই প্রবণতা আমাদের কাছে একদম নতুন। তাই ওই যন্ত্র ও পরীক্ষার্থীদের আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিয়েছি। যাতে অন্য কোনো পরীক্ষায় এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে নকল না হয়, সে জন্য র্যাব সহায়তা করছে।’
সূত্র বলেছে, অভিনব ওই ইলেকট্রনিক ডিভাইসসহ আটক পরীক্ষার্থীরা হলেন সোহেল রানা, আবুল বাসার, দেলওয়ার হোসেন, আশরাফুল ইসলাম, তপন কুমার সরকার, সোহেল রানা, ত্রিদিব কুমার হাজরা, সাজেদুর রহমান, মজুমদার রহমান, জিয়ারুল ইসলাম জুয়েল, পাপিয়া খাতুন ও রফিকুজ্জামান। অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে আটক ব্যক্তিরা হলেন সুজন আলী, নবাব আলী, এস এম দিদারুল ইসলাম, আসিফ মো. রব্বানী ও বি এম ফেরদৌস হোসেন।
র্যাব সূত্র বলেছে, তারা আটক পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে ও যন্ত্রগুলো পরীক্ষা করে দেখছে, এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলেছে, গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই পরীক্ষায় ১৩টি কেন্দ্রে ২০ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী অংশ নেন।