উচ্চ বেতনে কানাডায় চাকরির আশ্বাস দিয়ে প্রতিষ্ঠান হাওয়া!
উচ্চ বেতনে কানাডায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রকৌশলীদের কাছ থেকে টাকা নিয়েছিল ‘কান্ট্রি এডুকেশন ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠান। ছয় মাসের মধ্যে ভিসার ব্যবস্থা করার কথা ছিল। কিন্তু জামানত হিসেবে প্রাপ্ত অর্থ পেয়েই পালিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক।
এ ঘটনায় পলাতক পরিচালক মো. কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. আনারুল করিম খানের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেছেন ভুক্তভোগী এক প্রকৌশলী। বিষয়টি জানিয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি।
এ বিষয়ে কথা বলতে ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া কামরুল হাসানের দুটি ও আনারুলের তিনটি মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। শুধু আনারুলের একটি নম্বর খোলা পাওয়া যায়। একাধিকবার ফোন দেওয়ার পর একবার তিনি নম্বরটি ধরেও নিশ্চুপ থাকেন। এর পরপরই তিনি নম্বরটি বন্ধ করে দেন।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ২৫ জানুয়ারি চাকরিপ্রত্যাশীদের একটি ওয়েব পোর্টালে বিজ্ঞাপন দেয় কান্ট্রি এডুকেশন ইন্টারন্যাশনাল। ওই বিজ্ঞাপনে কানাডায় প্রকৌশলীদের পাঠানোর বিষয়টি জানায় তারা। বিজ্ঞাপনে প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ধানমন্ডির ২ নম্বর সড়কের ৩৬ নম্বর বাড়ির পঞ্চম তলার ১০ নম্বর ফ্ল্যাটের ঠিকানা দেওয়া হয়।
মামলার বাদী মোশারফ ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, বিজ্ঞাপন দেখে তিনি ওই ঠিকানায় গেলে আনারুল করিম ও কামরুল ইসলাম তাঁকে কানাডায় সাড়ে চার লাখ টাকা মাসিক বেতনে প্রকৌশলীর চাকরি পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন। এর জন্য জামানত হিসেবে প্রথমেই ৫০ হাজার টাকা চান তাঁরা। ভিসা না হলে এই টাকাও ফেরত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তাঁরা।
ভুক্তভোগীরা জানান, কানাডায় পাঠিয়ে চাকরি পাইয়ে দিতে আইনজীবীর ফি, কোম্পানি ফি, ইমিগ্রেশন ফি, ল্যান্ডিং ফি, এয়ার টিকিট, এম্বাসি ফি, মেডিকেল ফি, বায়োমেট্রিক ফি, সিইআই সার্ভিস চার্জসহ মোট আট লাখ টাকার চুক্তি করা হয়। তবে আট লাখের বাইরে জামানত হিসেবে কারও কাছ থেকে ৫০ হাজার, কারও কাছ থেকে ৩৫ হাজার টাকা নেওয়া হয়।
মোশারফ ছিদ্দিকী বলেন, জামানতের ৫০ হাজার টাকা নেওয়ার ছয় মাস পর তাঁর কাছ থেকে আরও ৫০ হাজার টাকা নেওয়া হয়। পরের মাসেই তাঁকে কানাডায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। লেনদেনের স্বচ্ছতার অজুহাতে দুবারই তাঁকে রসিদ দেওয়া হয়।
মোশারফ বলেন, ‘তাঁদের কথা অনুযায়ী আমি চাকরি ছেড়ে দিই। বাড়ির সব জিনিসপত্রও বিক্রি করে দিই। প্রস্তুতি নিতে থাকি বাইরে যাওয়ার। কিন্তু এর মধ্যেই একদিন (গত বছরের ১৬ অক্টোবর) ওই অফিসে গিয়ে দেখি কেউ নেই।’
ভুক্তভোগীদের প্রকৃত সংখ্যা জানা যায়নি। মোশারফ নিজ উদ্যোগে ৩৪ জন ভুক্তভোগীর নাম ও মুঠোফোন নম্বর জোগাড় করেছেন। তবে এ সংখ্যা আরও বেশি বলে তিনি জানান।
আরেক ভুক্তভোগী মো. আল আমিন বলেন, ছয় সহকর্মী মিলে তাঁরা প্রতিষ্ঠানটিতে যান। তাঁদের কাছ থেকে ৩৫ হাজার করে জামানতের টাকা রাখা হয়। আল আমিন বলেন, ‘ভালো বেতনের জন্য বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, তাই প্রতিষ্ঠানটির দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু প্রতারিত হওয়ার পর এখন আর কাউকেই বিশ্বাস করতে পারছি না।’
ধানমন্ডির ওই ফ্ল্যাটটিতে গিয়ে দেখা যায়, সেখানে এরই মধ্যে আরও একটি নতুন প্রতিষ্ঠান (চামড়ার পণ্যের) তাদের কার্যালয় খুলেছে। দারোয়ান মো. শহীদ প্রথম আলোকে বলেন, অনেক লোকই ওই প্রতিষ্ঠানে টাকা দিয়েছিলেন। অনেকে এসে কান্নাকাটি করেছেন। শহীদ জানান, ফ্ল্যাটটির মালিক একজন প্রবাসী।
মোশারফের মামলার আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, আসামি কামরুল ও আনারুলের নামে সমন হয়েছে।
চাই গভীর তদারকি: অভিবাসন-বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রামরুর চেয়ারপারসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাসনিম আরেফা সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে প্রণীত বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনে বলা আছে যে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান বিদেশে কর্মসংস্থান-বিষয়ক কোনো বিজ্ঞাপন দিতে পারবে না। দিলে তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠিন শাস্তির বিধানও রয়েছে। কিন্তু যারা বিজ্ঞাপন ছাপাচ্ছে, তারাও বিষয়টি দেখছে না। আবার মন্ত্রণালয়ও এটি তদারক করছে না। তাই এ ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে।
অধ্যাপক তাসনিম বলেন, মন্ত্রণালয়ের উচিত আলাদা লোকবল নিয়োগ করে বিষয়টি গভীরভাবে তদারক করা। তাহলে এ ধরনের প্রতারণা আর থাকবে না।