প্রতারণার অভিযোগে মোতাহের হোসেন নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার আটক করেন যশোর শহরের একজন ব্যবসায়ী। পরে তাঁকে পুলিশে দেন, মামলা করেন। পরদিন মোতাহেরকে কারাগারে পাঠানো হয়।
পুলিশের ভাষ্যমতে, মোতাহের হোসেন (৩১) নানা প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে অন্তত ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ও আদালতে অন্তত ২০টি মামলা রয়েছে। মোতাহেরের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে।
এ বিষয়ে গত বুধবার জানতে চাইলে যশোর শহরের গাড়ির ক্ষুদ্র যন্ত্রাংশ ব্যবসায়ী আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার ব্যবসায়িক অংশীদার দেলোয়ার হোসেনের সঙ্গে মোতাহের হোসেনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সূত্রে আমার সঙ্গে তাঁর পরিচয় হয়। অনেকবার মোতাহেরের ঢাকার কার্যালয়ে গিয়েছি। তাঁর বেশভূষা ছিল রাজকীয়। দামি গাড়িতে চড়তেন। আমি জানতাম, তাঁর তৈরি পোশাক আমদানি-রপ্তানির কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে। যশোরে তাঁর আসা-যাওয়া ছিল। গত বছরের ১ এপ্রিল মোতাহের যশোরে এসে আমার কাছ থেকে কৌশলে দুই দফায় ৪২ লাখ টাকা নেন। পরে ডাচ্-বাংলা ব্যাংকের ১০ লাখ টাকার একটি চেক দেন। ওই চেক ব্যাংকে ডিজঅনার (প্রত্যাখ্যাত) হয়। যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনি একটু ধৈর্য ধরেন। গাজীপুরে আমার একটা জমি আছে। আপনার নামে লিখে দেব।” এরপর প্রায় আট মাস তাঁর কোনো হদিস পাইনি। মুঠোফোন নম্বর বন্ধ। মাঝেমধ্যে অনলাইন থেকে ফোন দেন। গত মঙ্গলবার যশোরে এলে তাঁকে ধরে পুলিশে সোপর্দ করি। ওই দিনই থানায় মোতাহেরসহ দুজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছি। এ মামলার অপর আসামি হলেন ফুয়াদ মাহাজন। তিনি ঢাকার তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ী এলাকার বাসিন্দা।’
আমজাদ হোসেনের মতো ফেনীর দাগনভূঞা উপজেলার থাই অ্যালুমিনিয়ামের ব্যবসায়ী নজরুল ইসলাম, ঢাকার তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ী ও দাগনভূঞার বাসিন্দা শাহাদাত হোসেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ব্যবসায়ী মো. সাখাওয়াত হোসেনও মোতাহেরের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘মোতাহের একই এলাকার বাসিন্দা। আমার বন্ধু। প্রতি লাখে প্রতি মাসে চার-পাঁচ হাজার টাকা করে মুনাফা দেওয়া হবে—এমন আশ্বাস দিয়ে তাঁর ব্যবসায় আমাকে বিনিয়োগ করতে বলেন। ২০১৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে মোতাহের আমার কাছ থেকে দুই কোটি টাকা নেন। প্রথম কয়েক মাস চুক্তি অনুযায়ী টাকা দিলেও পরে আর দেননি। মূল টাকাও ফেরত দেননি। গত বছরের ডিসেম্বর থেকে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তাঁর বাড়িতে গিয়ে টাকা চাইলে অনলাইনে ফোন করে হুমকি দেন। বাড়িতে গিয়ে টাকা চাইলে একটি টাকাও দেব না বলে জানিয়ে দেন। এই পরিস্থিতিতে আমরা আর তাঁর বাড়ি যাই না। হুমকির ঘটনায় দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা আছে। পরে ১ কোটি ৫৪ লাখ এবং ৪০ লাখ টাকা অঙ্কের দুটি চেক দেন মোতাহের। কিন্তু ব্যাংকে গেলে চেক দুটি ডিজঅনার হয়। এ ঘটনায় আদালতে মামলা করেছি।’
শাহাদাত হোসেন বলেন, ‘মোতাহের ছোটবেলার বন্ধু। ঢাকায় আমারও তৈরি পোশাকের ব্যবসা রয়েছে। মোতাহের আমাকে বিনিয়োগ করতে বলেন। আড়াই বছর আগে ১ কোটি ২৭ লাখ টাকা তাঁর ব্যবসায় বিনিয়োগ করি। কিন্তু সেই টাকা দেন না। এ ঘটনায় ঢাকার সিএমএম আদালতে মোতাহেরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছি।’
ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার ভাগনের সহপাঠী ছিলেন মোতাহার। সেই সূত্রে আমার সঙ্গে পরিচয়। সাভারের ঝুট ব্যবসায় টাকা বিনিয়োগ করার জন্য আমাকে বলেন। বিনিয়োগের টাকার ২০ শতাংশ লাভ দেওয়া হবে বলে প্রলোভন দেখান। এরপর ২০১৪ সালের মে থেকে গত বছরের মে পর্যন্ত ১ কোটি ৬৪ লাখ টাকা তাঁকে দিই। একসময় লাভের আংশিক টাকা পেতাম। পরে লভ্যাংশ ও মূল—সব টাকা আটকে দেওয়া হয়।’
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, মোতাহের বড় ধরনের প্রতারক। তাঁর বিরুদ্ধে অন্তত ১০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। বিভিন্ন এলাকার থানায় ও আদালতে তাঁর বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে।