উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটা ও সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তিরা হলেন আবদুছ ছালাম ব্যাপারি ও ও মো. লাল মিয়া। পুলিশ ধারণা করছে তাঁদের বয়স যথাক্রমে ৭০ ও ৫৫ বছর।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার কালিকাপুর গ্রামের মো. সুরুজ মিয়া, মো. সজিব মিয়া , মো. শাহ আলম ও কুমিল্লার হোমনা উপজেলার দাড়িগাও গ্রামের রহমত আলী ।
পুলিশের ভাষ্যমতে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কালিকাপুর গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে আল আমিনের বিয়ে ছিল ২২ জানুয়ারি। বিয়ের আগের দিন ওই বাড়িতে লাউড স্পিকারে উচ্চস্বরে গান বাজানো হয়। সে সময় আবদুছ ছালাম এর লোকজন বাধা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বিয়ের দিন বিকেলে আবদুছ ছালাম ও ছিদ্দিকুর রহমানের (ইউনুছ মিয়ার পক্ষের) লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গতকাল শনিবার ছিদ্দিকুর রহমান বাদী হয়ে ১৭জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার করার জের ধরে আজ রোববার সকালে উভয় পক্ষের মধ্যে সকাল আটটার দিকে উত্তেজনা দেখা দেয়। সাড়ে আটটার দিকে ছিদ্দিকুর রহমানের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবদুছ ছালামের বাড়িতে হামলা চালায়। এ সময় আবদুছ ছালামের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আবদুছ ছালামের মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়লে তাঁর পক্ষের লোকজন জড়ো হয়ে সকাল সাড়ে ১০টার দিকে ছিদ্দিকুর রহমান এর পক্ষের লাল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে লাল মিয়াকে কুপিয়ে জখম করে। পরে আহতাবস্থায় লাল মিয়াকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আছিয়া খাতুন (৮০) নামের এক বৃদ্ধা আহত হয়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আবদুছ ছালামের স্ত্রী জোহরা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী সকালে বাড়ির পশ্চিমে গরুর খাবার দিতে গেলে লাল মিয়ার লোকজন কুপিয়ে পিটিইয়া মাইরা ফালাইছে। হেই সময় বাড়ির লোকজন পুবে সড়কে ছিল।’
লাল মিয়ার মেয়ে শাহীনুর আক্তার বলেন, ‘আবদুছ ছালামের কয়েকশ লোককে দেশীয় অস্ত্র নিয়া আসতে দেখলে আমরা সবাই দৌড়ে পালাই। আমার আব্বায় বাড়ি থেকে যাইতে পারে নাই। বাপেরে বাড়িতে পাইয়া পিটাইয়া মাইরা ফালাইছে আর বাড়ির মালপত্র-ঘরের বেড়া ভাইঙ্গা দিয়া গেছে।’
লাল মিয়ার বাড়ির হিরন বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের বাড়িতে হামলা চালানোর সময় থানার পুলিশ উপস্থিত ছিল। পুলিশের সামনেই বাড়িতে হামলা চালাইয়া ছয়টি ঘর ভাঙচুর করছে আর স্বর্ণ-টাকা পয়সা লুটপাট করছে।’
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, ‘পুলিশের উপস্থিতিতে লাল মিয়ার বাড়িতে হামলা হওয়ার অভিযোগ সঠিক নয়। বরং ছিদ্দিকুর রহমানের ভাই নজরুল ইসলামরা নিজেদের বাড়ি ভাঙচুরের হাত থেকে রক্ষা করতে সাড়ে ১০টার দিকে আমাকে ফোন দেয়। এতে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে দেই কিন্তু পুলিশ যাওয়ার পূর্বেই লাল মিয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে। উভয় পক্ষের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।’