উচ্ছেদ অভিযান নিয়ে পাল্টাপাল্টি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মাণ করায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গায়রাবেতিল এলাকায় বন বিভাগের কর্মীরা গতকাল ভবনটির কিছু অংশ ভেঙে ফেলেন l প্রথম আলো
বন বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মাণ করায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গায়রাবেতিল এলাকায় বন বিভাগের কর্মীরা গতকাল ভবনটির কিছু অংশ ভেঙে ফেলেন l প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বন বিভাগের জায়গায় নির্মাণাধীন ভবন উচ্ছেদ অভিযানের ঘটনায় এলাকাবাসী ও বন বিভাগের কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার গায়রাবেতিল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলার বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মির্জাপুরের গোড়াই-সখীপুর সড়ক প্রায় ছয় ঘণ্টা অবরোধ করে রাখেন এবং বন বিভাগের বিশ্রামাগার (রেস্টহাউস) ভাঙচুর করেন। বিশ্রামাগারে হামলায় জড়িত সন্দেহে বন বিভাগের কর্মীরা এক নারীসহ চারজনকে রশি দিয়ে পিছমোড়া করে বেঁধে প্রায় আড়াই ঘণ্টা আটকে রেখেছিলেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বনপ্রহরী আয়নাল হোসেন, দেলদুয়ার উপজেলা নার্সারির বাগান মালি মহেন্দ্র নাথ।
এলাকাবাসীর ভাষ্য, গায়রাবেতিল গ্রামের শুকুর আলী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গায়রাবেতিল মৌজার ৫০৩২ নম্বর দাগে ঘর তুলে দীর্ঘদিন ধরে বাস করছেন। তাঁর ছেলেরা প্রায় চার মাস আগে তাঁদের বসতঘরের পাশে তিনতলা একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। ভবনটির দুই তলার নির্মাণকাজ শেষ হয়েছে। গতকাল ভোর ছয়টার দিকে কোনো নোটিশ ছাড়াই বন বিভাগের লোকজন তাঁদের ওই ভবনটি ভাঙচুর করেন। এ সময় বনকর্মীরা সেখানে পাঁচটি ফাঁকা গুলিও ছোড়েন। বন বিভাগের কর্মীদের পিটুনিতে কহিনুর বেগম, আয়ের জান, রওশন আরা, ফাহিমা বেগম, করিমনসহ বেশ কয়েকজন আহত হন।
বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা মো. ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, সেখানকার প্রায় দুই একর জমিতে শুকুর আলীর ছেলে বিল্লাল হোসেন বাড়ি বানিয়ে সীমানাপ্রাচীরসহ বহুতল ভবন নির্মাণ করছিলেন, যা বন্ধের জন্য এর আগে বারবার মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে। হামলা চালানোর ঘটনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। নারীসহ চারজনকে বেঁধে রাখার অভিযোগও তিনি অস্বীকার করেছেন।
ঘটনা জানার পর এলাকাবাসী সকাল পৌনে আটটার দিকে বাঁশতৈল রেঞ্জ কার্যালয়ের সামনে সমবেত হয়ে গোড়াই-সখীপুর সড়ক অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা রেঞ্জ কার্যালয়ের বিশ্রামাগারের জানালার কাচ, টিনের চাল ও আসবাব ভাঙচুর করেন এবং বনকর্মীদের ওপর হামলা চালান। হামলায় দুই কর্মী আহত হন। বনকর্মীরা উত্তেজিত এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে তিনটি ফাঁকা গুলি ছোড়েন। এ সময় তাঁরা এক নারীসহ চারজনকে আটক করেন।
খবর পেয়ে স্থানীয় সাংসদ একাব্বর হোসেন বেলা একটায় ঘটনাস্থলে যান। সেখানে তিনি রেঞ্জ কর্মকর্তা ফরিদকে প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী ছয় ঘণ্টা পর অবরোধ তুলে নেন। টাঙ্গাইলের সহকারী বন সংরক্ষক (দক্ষিণ) মো. সাজ্জাদুজ্জামান জানান, সরকারি সম্পত্তিতে অবৈধ দখল ঠেকাতে ভোরে অভিযান চালানো হয়।