উচ্ছেদ অভিযান সত্ত্বেও সরেনি অবৈধ কার্যালয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তবে রাজনৈতিক দলের অবৈধ কার্যালয় উচ্ছেদ করতে পারেনি সওজ। ১৬ মার্চ ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সওজ অধিদপ্তরের ছয় একর জমি দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা কয়েক দফা অভিযানে উচ্ছেদ করা হয়েছে। তবে নারায়ণগঞ্জ সদরের কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয়টি উচ্ছেদ করা হয়নি। সর্বশেষ ১৬ মার্চ সওজ অবৈধভাবে গড়ে তোলা ৫০টি স্থাপনা গুঁড়িয়ে দেয়। তবে আওয়ামী লীগের কার্যালয়টি উচ্ছেদ না করে ফিরে যেতে বাধ্য হয় তারা। সওজের জমি দখল করে আওয়ামী লীগের কার্যালয় ছাড়াও সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক কমিটির সাইনবোর্ড আঞ্চলিক কার্যালয় গড়ে তোলা হয়েছে। প্রায় দুই একর জায়গা দখল করে বালু ভরাট করে একটি বড় টিনশেড ঘর নির্মাণ করে সেখানে দুটি সংগঠনের সাইনবোর্ড ঝোলানো রয়েছে। অভিযোগ রয়েছে, সওজের জমি দখল করে সেখানে খাবারের হোটেল, ফার্মেসি, টায়ার-টিউবের দোকান, চা-পানের টং, বাঁশের দোকান তুলে ভাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া মহাসড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, বেবিট্যাক্সি, অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের বাস থেকে নিয়মিত চাঁদা তোলা হতো। সাইনবোর্ড মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী পরিবহন থেকে চাঁদাবাজির সময় পুলিশ গত ২১ ফেব্রুয়ারি লিটন (৩৫) ও রাজীব (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরে তাঁরা জামিনে কারাগার থেকে মুক্ত হন।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন ১৬ মার্চ উচ্ছেদ অভিযান শুরুর আগেভাগে সাইনবোর্ড মোড়ে গিয়ে অবস্থান নেন। তিনি সওজ কর্মকর্তাদের আওয়ামী লীগ কার্যালয়টি উচ্ছেদ না করার অনুরোধ জানান। এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, সওজ যখন চাইবে, তখনই কার্যালয় সরিয়ে ফেলা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক কমিটি সাইনবোর্ড আঞ্চলিক শাখা ও কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘সাইনবোর্ড মোড় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল পর্যন্ত সাত-আটটি মাদ্রাসা রয়েছে, যারা হেফাজতের সমর্থক। বিভিন্ন সময়ে তারা সরকার উৎখাতের আন্দোলনের নামে মহাসড়কে তাণ্ডব চালিয়েছে। এদের প্রতিরোধের জন্যই আমরা সওজের জমিতে অস্থায়ী ভিত্তিতে অফিস বানিয়ে দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছি। এই অফিস থেকে কোনো চাঁদাবাজি করা হয় না। কোনো চাঁদাবাজকে প্রশ্রয়ও দেওয়া হয় না। আমরা যা করছি তা সরকার ও দলের ভাবমূর্তি রক্ষার জন্যই।’
সওজ নারায়ণগঞ্জের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে শামছউদ্দিন আহাম্মদ বলেন, সওজের জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা আওয়ামী লীগ ও সড়ক পরিবহন শ্রমিক কমিটির কার্যালয় সরিয়ে নিতে কয়েক দিনের সময় দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা বলেন, সাইনবোর্ড মোড়ে যানজট নিয়ন্ত্রণে পুলিশ উদ্যোগী হয়ে কয়েকবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। পরিবহন থেকে চাঁদাবাজির সময় দুজন চাঁদাবাজকে গ্রেপ্তারও করা হয়েছিল।