উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিরোজ শাহ কলোনি এলাকায় অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে গতকাল সোমবার দুপুরে বাধার মুখে পড়েন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ কারণে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের তিনটি প্লট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যায়নি। অবৈধ দখলদারদের সঙ্গে স্থানীয় লোকজন একজোট হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
উচ্ছেদ অভিযানের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। তিনি বলেন, গৃহায়ণের তিনটি প্লটে ২০ জন অবৈধ দখলদার বাস করছেন। তাঁদের উচ্ছেদ করতে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে অবৈধ দখলদারদের সঙ্গে স্থানীয় লোকজন মিলে বাধা দেন। পরে অভিযান স্থগিত করা হয়।
জানতে চাইলে আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, অভিযানে বাধাদানকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।