উচ্ছেদ অভিযানের মধ্যেই অবৈধ বিলবোর্ড স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হয়েছিল ২০১২ সালের ১৬ জানুয়ারি। কিন্তু অভিযান চললেও অবৈধ বিলবোর্ড স্থাপন থেমে ছিল না। অভিযান শুরুর সময় অবৈধ বিলবোর্ড ছিল ৩২৩টি, এখন তা দাঁড়িয়েছে ৪২২টিতে। তবে এ সংখ্যা আরও বেশি বলে জানালেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এ অভিযান এখনো চলছে ঢিমেতালে। অবৈধ বিলবোর্ডের অনুপাতে সিটি করপোরেশনে পর্যাপ্ত যন্ত্র ও লোকবল নেই। অভিযানে রয়েছেন মাত্র একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। চারটি ক্রেনই সম্বল। এ কারণে দিনে পাঁচ-সাতটির বেশি বিলবোর্ড অপসারণ করা যাচ্ছে না।
গত ৩৪ মাসে এ ধরনের ৩৬টি অভিযান চালিয়ে মাত্র ৬৮টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। সিটি করপোরেশন ও নগর পুলিশের যৌথ অভিযানের দুই দিনে অপসারণ করা হয়েছে মাত্র ১৩টি বিলবোর্ড ও খুঁটি। ম্যাজিস্ট্রেট না থাকায় গত মঙ্গলবার অভিযান বন্ধ ছিল।
করপোরেশন সূত্রে জানা গেছে, বিলবোর্ড ব্যবসা নিয়ন্ত্রণ করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। এঁদের মধ্যে রয়েছেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সদস্য সনৎ বড়ুয়া, আজিজ উদ্দিন, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশাদুল আলম, বর্তমান সহসভাপতি সৌমেন বড়ুয়া।
নতুন করে শুরু হওয়া দুই দিনের অভিযানে সনৎ বড়ুয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুস সাকিব ও শওকত, নগর কমিটির সদস্য শাওনকে তৎপর দেখা গেছে। তাঁদের বাধার কারণে অভিযান স্থবির হয়ে পড়ে। গত বছরের ১২ জুন নগরের জিইসি মোড় এলাকায় বিলবোর্ড উচ্ছেদের সময় করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছিলেন সৌমেন বড়ুয়া।
এদিকে নিজেদের নীতিমালা না মেনেই ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের বিলবোর্ড স্থাপনের অনুমোদন দিয়েছে করপোরেশন। নীতিমালা ধরে বিলবোর্ড উচ্ছেদ করতে গিয়ে গত রবি ও সোমবার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বিব্রতকর অবস্থায় পড়েন। তাঁর সঙ্গে বিলবোর্ড ব্যবসায় জড়িত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের বারবার বাগ্বিতণ্ডা হয়েছে। করপোরেশনের এক কর্মকর্তা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে মেয়র মনজুর আলম বলেন, বিলবোর্ড ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এখন থেকে নীতিমালার বাইরে কোনো বিলবোর্ড থাকবে না। অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
চট্টগ্রাম পরিকল্পিত ফোরামের সাধারণ সম্পাদক জেরিনা হোসেন প্রথম আলোকে বলেন, হঠাৎ হঠাৎ বিলবোর্ড উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। তারপর একপর্যায়ে থেমে যায়। অনেকবার উদ্যোগ নেওয়ার পরও এত দিন কেন অবৈধ বিলবোর্ড উচ্ছেদ হয়নি? এ ব্যাপারে সামগ্রিক পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
সিটি করপোরেশন সূত্র জানায়, শহরে সিটি করপোরেশনের জায়গায় তাদের অনুমোদন দেওয়া বিলবোর্ড আছে তিন হাজার ৯৬৪টি। বিভিন্ন সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জায়গায় আছে দুই হাজার ৯৪টি।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘কবে নাগাদ এই অভিযান শেষ হবে তা নির্ভর করছে সিটি করপোরেশনের আন্তরিকতার ওপর। তাদের লোকবল ও যন্ত্রপাতির অভাব রয়েছে। তারা যদি সব ধরনের কারিগরি সহয়তা দেয়, তাহলে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ২০-২৫ বছর ধরে গড়ে ওঠা বিলবোর্ডগুলো দুই দিনে উচ্ছেদ করা সম্ভব নয়। একটি বিলবোর্ড কাটতেই তিন-চার ঘণ্টা লেগে যায়। একটু সময় লাগবে।
সচেতন নাগরিক কমিটি চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, বিলবোর্ড অনুমোদনের ক্ষেত্রে কোনো নৈতিকতা ও দায়বোধ ছিল বলে মনে হয় না। এখানে মুনাফাই প্রাধান্য পেয়েছে। অপরিকল্পিত বিলবোর্ড স্থাপনের কারণে নগরের সৌন্দর্য তো নষ্ট হয়েছে, চলাচলের পরিবেশও নেই।