উচ্ছেদ আতঙ্কে দুই হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার চর বাঁশবাড়িয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ বর্ধন খামারটি বর্ধিতকরণের লক্ষ্যে পাশের দ্বীপ চর হাদীর জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে চরের দুই হাজার পরিবার।

দেশের দক্ষিণাঞ্চলকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে শস্যভান্ডার হিসেবে পরিচিতি আনতে পটুয়াখালীর দশমিনা উপজেলার চর বাঁশবাড়িয়ায় গড়ে তোলা হয় এ বীজ উৎপাদন খামার। এর লক্ষ্য হচ্ছে প্রতিকূলতা-সহিষ্ণু বীজ উৎপন্ন করা এবং দক্ষিণ উপকূলীয় এলাকার উপযোগী অন্যান্য শস্যবীজ উৎপাদন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ মার্চ দক্ষিণাঞ্চল সফরকালে এ প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দশমিনার খামারটিকে দেশের সর্ববৃহৎ খামারে রূপান্তরসহ নিকটতম চরগুলোর খাসজমিতে খামার সম্প্রসারণের নির্দেশনা দেন। এ লক্ষ্যে দশমিনার তেঁতুলিয়া নদীবেষ্টিত চর হাদীতে খামার বর্ধিতকরণে চার হাজার একর খাসজমি বরাদ্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএডিসির সচিব দেলওয়ার হোসেন স্বাক্ষরিত চিঠি পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়।

সম্প্রতি সরেজমিনে চর হাদীতে দেখা যায়, ঘরবাড়ি ও জমি হারানো নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। চর হাদীর বাসিন্দা আলেয়া বেগম বলেন, ‘২২ বছর ধইরা এই চরে আছি। এহন বাড়ির চাইর পাশে গাছগাছলায় ভর্তি। নানা ধরনের ফলফলাদি হয়। জমিতে ধান চাষ করি। চর ছাইরা আমরা যামু কই?’

চরের বাসিন্দা মতিউর রহমান মাতব্বর জানান, তিনি ১৯৭২ সালে তিনি এই চরে আসেন। ’৯২ সালে দেড় একর জমি বন্দোবস্ত পাওয়ার পর সেখানে ঘর তোলেন। এর চারপাশে গাছ লাগিয়ে বাগান করেছেন। জমিতে ফসল হচ্ছে। এই জমি সরকার নিয়ে নিলে পথে বসতে হবে তাঁকে। চরের বাসিন্দা ছিদ্দিক মৃধা, খালেক ডাক্তার, চন্দন খলিফা বলেন, তাঁরা ওই চরে ২২ বছরের বেশি সময় বন্দোবস্ত পাওয়া জমিতে নিজেদের পছন্দমতো বাড়িঘর গড়ে তুলেছেন। এখন সবকিছু ফেলে চর থেকে চলে যাবেন, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না।

দশমিনা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার বেলায়েত হোসেন জানান, চর হাদীতে তিনটি মৌজায় ছয় হাজার একরের মতো জমি আছে। বন বিভাগের বিশাল এলাকাজুড়ে সংরক্ষিত বন আছে। দুই হাজারের মতো পরিবার সরকারের কাছ থেকে দেড় একর করে জমি বন্দোবস্ত নিয়ে চরে বসবাস করছে। দশমিনায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, বীজ উৎপাদন খামারের জন্য কোনো জমি অধিগ্রহণ করা হচ্ছে কি না, তা বন বিভাগ এখনো জানে না।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, খামার সম্প্রসারণে জমি অধিগ্রহণের জন্য সরেজমিন প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়েছে। চরের জমি বিএডিসির অনুকূলে বরাদ্দ দেওয়া হলেও তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রত্যেক পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া খামার প্রতিষ্ঠা হলে ওই এলাকার সব দরিদ্র মানুষ সেখানে শ্রমিক হিসেবে কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন।