উচ্ছেদ করতে গিয়ে নতুন দখল দেখে বিস্ময়
রাজধানীর মোহাম্মদপুরে বছিলা সেতুর উত্তরে তুরাগ নদে আজ বুধবার একটি আবাসন কোম্পানির অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা জেলা প্রশাসন ও সহকারী কমিশনারের কার্যালয়ের (ভূমি) যৌথ এ অভিযান শেষ মুহূর্তে স্থগিত করা হয়।
আজ সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেখেন, আরও পাঁচ বিঘা জমি দখল করেছে আমিন-মোমিন ডেভেলপমেন্ট লিমিটেড নামের ওই আবাসন প্রতিষ্ঠানটি। গত ২০ জুন বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন ও সহকারী কমিশনারের কার্যালয় (ভূমি) ওই প্রতিষ্ঠানের দখলে ২৫ বিঘা জমি থাকার হিসাব পেয়েছিল।
উচ্ছেদ অভিযানের ছবি তুলতে গেলে আবাসন কোম্পানির লোকেরা স্থানীয় কিছু যুবক দিয়ে প্রথম আলোর ফটোসাংবাদিককে ছবি তুলতে বাধা দেয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ওই কোম্পানিকে সময় দেওয়া হয়েছিল। তবে আজ সেখানে গিয়ে আবারও ১১টি সীমানা খুঁটি মেপে দেখা যায়, আমিন-মোমিন হাউজিং কোম্পানি স্থাপনা অপসারণ করা দূরে থাক, উল্টো নদের আরও পাঁচ বিঘা জমি দখল করে ভরাট করেছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, আবাসন ওই প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটির নামে আরও জায়গা দখল করা হয়েছে।
উচ্ছেদের কথা থাকলেও তা না করার কারণ সম্পর্কে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, ‘আমরা জায়গা পুনর্নির্ধারণ করে আরও পাঁচ বিঘা জায়গা উদ্ধার করেছি। এটি করতে সময় লেগেছে। আমরা এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করব।’
কোম্পানির ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, পৈতৃক ও ক্রয়সূত্রে এই জমি পাওয়া গেছে।
তুরাগ নদের সীমানা নির্ধারণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফজল মীর, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, ডেপুটি কালেক্টর মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় মোহাম্মদপুর থানার পুলিশের আটজন সদস্য তাঁদের সঙ্গে ছিলেন।