উচ্ছেদ ঠেকাতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী দখল করে নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা। সেই স্থাপনা যাতে উচ্ছেদ করা না হয়, সে জন্য করা হয়েছে মামলা। আর এ কারণে থেমে আছে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম।

নদীটির নাম টেকা। এটি যশোরের অভয়নগরের পায়রা ও মনিরামপুরের নেহালপুর ইউনিয়নের সীমানা ঘেঁষে প্রবাহিত। নদীটির পাঁচজন দখলদার উচ্ছেদে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে সম্প্রতি আদালতে দুটি মামলা করেছেন।

৬ জুন পায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস এবং বারান্দী গ্রামের ভবেশ চন্দ্র বৈরাগী, শিশির হায়দার ও আজিজুর রহমান তাঁদের উচ্ছেদ না করার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে অভয়নগর সহকারী জজ আদালতে একটি মামলা করেছেন। এর আগে ৯ মার্চ পায়রা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনিশংকর রায় ওই জমির মালিকানা দাবি করে একই আদালতে আরেকটি মামলা করেন। অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গতকাল বৃহস্পতিবার মনিশংকর রায়ের মামলার ঘটনার বিবরণী যশোরের সরকারি কৌঁসুলির (জিপি) দপ্তরে পাঠিয়েছেন।

যশোরের সরকারি কৌঁসুলি (জিপি) সোহেল শামীম গতকাল প্রথম আলোকে বলেন, ‘মনিশংকরের মামলা মিথ্যা। তাঁর মামলার ঘটনার বিবরণী পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। অপর মামলার নথি এখন পর্যন্ত দপ্তরে এসে পৌঁছায়নি। নথি পৌঁছানোর পর পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।’

টেকা নদীর উত্তর পাশে অভয়নগর উপজেলার বারান্দী গ্রাম। দক্ষিণ পাশে মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রাম। নদীর ওপর রয়েছে একটি সংযোগ সেতু। নাম টেকা ব্রিজ।

গতকাল সরেজমিনে দেখা যায়, টেকা ব্রিজের উত্তর পাশে নদীর জায়গা দখল করে একটি মাছের আড়ত, মাছের খাদ্য বিক্রির দুটি দোকান, একটি মুদিদোকান, একটি রেডিও-টেলিভিশন মেরামতের দোকান এবং একটি ভাতের হোটেল গড়ে তোলা হয়েছে। মাছের খাবার বিক্রির দুটি দোকানের একটি রবীন্দ্রনাথ বিশ্বাসের, অপরটি নির্মাণ করেছেন ভবেশ চন্দ্র বৈরাগী। শিশির হায়দার মুদিদোকান, আজিজুর রহমান রেডিও-টিভি মেরামতের দোকান ও বাচ্চু হোসেন ভাতের হোটেলটি তৈরি করেছেন। মাছের আড়তটি মনিশংকর রায়ের। আড়তটির নাম প্রেমা ফিশ। আড়তের পশ্চিম পাশে উত্তর তীর ঘেঁষে নদীর মধ্যে নির্মাণ করা হচ্ছে একটি শৌচাগার। এটির নিচের অংশের নির্মাণকাজ শেষ। এটি নির্মাণ করছে বেসরকারি সংস্থা (এনজিও) বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ)। এনজিওটি প্রেমা ফিশ ও মাছের আড়তে টাইলসও লাগিয়ে দিয়েছে। এ কাজে সংস্থাটি ব্যয় করেছে ২ লাখ ৬৯ হাজার টাকা।

এ নিয়ে গত ১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘টেকা নদী গিলছে ব্যবসায়ী, এনজিও!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর দখল উচ্ছেদে ৭ ফেব্রুয়ারি অভয়নগরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দীন মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ওই পাঁচটি দোকান ও শৌচাগারটির আংশিক উচ্ছেদ করেন। ১২ ফেব্রুয়ারির মধ্যে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন আদালত। না নিলে এক্সকাভেটর দিয়ে স্থাপনা উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু দখলদারেরা তাঁদের স্থাপনা সরিয়ে নেননি। এরপর উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সুযোগে দুটি মামলা হয়।

মনিশংকর রায় বলেন, ‘ওই জমি নদীর নয়। আমিই জমির মালিক। ক্রয়সূত্রে ১৯৮৮ সাল থেকে ওই জমি আমার দখলে। কাগজপত্রও আছে। এখন এসে সরকার ওই জমি নদীর বলে চাপাচাপি করছে। সরকার আমাকে উচ্ছেদ করছে চাচ্ছে। এ জন্য মামলা করেছি। মামলায় মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি।’

রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘আমার জায়গা-জমি নেই। নদীর পতিত জায়গায় ঘর তুলে ব্যবসা-বাণিজ্য করে খাচ্ছি। আমাদের যাতে উচ্ছেদ করা না হয়, সে জন্য আমরা চারজনে মিলে মামলা করেছি।’

অভয়নগরের ভারপ্রাপ্ত ইউএনও মনদীপ ঘরাই বলেন, টেকা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠেকাতে পাঁচজন দখলদার আদালতে দুটি মামলা করেছেন। এ ব্যাপারে সরকারি কৌঁসুলির (জিপি) সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেওয়া হবে।