উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগে কাউন্সিলর বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া এবং দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে বিদ্যমান অবৈধ ট্রাকস্ট্যান্ডের উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় ট্রাকচালক ও শ্রমিকদের উসকানি দিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেন এবং রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া ওই সময় তিনি দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এতে আরও বলা হয়, একজন জনপ্রতিনিধি হিসেবে সিটি করপোরেশনের সম্পত্তি রক্ষা ও যানজটমুক্ত নগরী গড়ায় ভূমিকা না রেখে তিনি জনস্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন। অবৈধ ট্রাকস্ট্যান্ড অপসারণে তাঁকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তা করেননি।

কাজী হাবিবুর রহমানের এই অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন)–এর ধারা ১২–এর উপধারা (১) অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।